৬ অক্টোবর শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বৈঠক
পৃথক বেতনকাঠামো ও অষ্টম বেতন স্কেলে গ্রেড সমস্যা নিরসনের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ৬ অক্টোবর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসবেন। বেলা তিনটায় শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক সমিতির জোট বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসায় সাক্ষাৎ করার পর এ সময় নির্ধারণ করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার ফেডারেশনের পক্ষ থেকে মন্ত্রীর সাক্ষাতের সময় চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। শিক্ষামন্ত্রীও ওই দিন সচিবালয়ে এক সভা থেকে শিক্ষকদের ক্লাস ও পরীক্ষা চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন।
জানতে চাইলে এ এস এম মাকসুদ কামাল গতকাল প্রথম আলোকে বলেন, ৬ অক্টোবর সকালে নিজেরা সভা করে পরবর্তী কর্মপন্থা ঠিক করবেন। এরপর বেলা তিনটায় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকের আলোচনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনে ওই দিনেই ফেডারেশনের আরেকটি জরুরি সভা করে আন্দোলনসহ পরবর্তী কর্মকৌশল ঘোষণা করা হতে পারে।