৬ আগস্ট থেকে কর্মবিরতির হুমকি বিমানশ্রমিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবি-দাওয়া মানা না হলে আগামী ৬ আগস্ট থেকে কর্মবিরতিতে যাওয়ার হুমকি দিয়েছে বিমান শ্রমিক কর্মচারী ইউনিয়ন।

আজ বৃহস্পতিবার বিমান শ্রমিক লীগের সভাপতি মুশিকুর রহমান এ ঘোষণা দেন।

এর আগে আজ সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ইউনিয়ন। এ সময় আন্দোলনকারীরা বিমান কর্মকর্তাদের কাউকে অফিসে ঢুকতে দেননি।

এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

১৩ দফা দাবিতে গত ২৫ জুন থেকে আন্দোলনে নামে বিমান শ্রমিক কর্মচারী ইউনিয়ন। দাবিগুলোর মধ্যে রয়েছে বিমানের জন্য আধুনিক ও বাস্তবসম্মত জনবলকাঠামো তৈরি ও বাস্তবায়ন, বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং কার্যক্রম রক্ষায় অতিসত্বর প্রয়োজনীয় জনবল নিয়োগ, সব শাখার কর্মকর্তা-কর্মচারীদের কর্মক্ষেত্রের পোশাকের (ইউনিফর্ম) ভাতা চালু। এ ছাড়া রয়েছে পাঁচ বছরের বেশি কর্মরত সব অস্থায়ী কর্মচারীর চাকরি স্থায়ীকরণ, পরিপূর্ণ চিকিত্সা-সুবিধা, গোষ্ঠী বিমার ব্যবস্থা প্রভৃতি।

বিমানের কর্মীরা গত বছরের জানুয়ারিতে বিভিন্ন দাবিতে কর্মবিরতি, ধর্মঘটসহ নানা কর্মসূচি পালন করেছিলেন। একপর্যায়ে দাবি মেনে নেওয়ার বিষয়ে তত্কালীন বিমানমন্ত্রী ফারুক খান আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করা হয়। সম্প্রতি বিমানের পরিচালনা পর্ষদ সভায় ইউনিয়নের দাবিগুলো উত্থাপিত হলেও তা পাস হয়নি।