আধুনিক ও বাস্তবসম্মত অর্গানোগ্রাম তৈরিসহ ১৩ দফা দাবি মানা না হলে আগামী ৬ আগস্ট থেকে কর্মবিরতিতে যাওয়ার হুমকি দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ)।
গতকাল বৃহস্পতিবার বিমানের প্রধান কার্যালয় বলাকায় তিন ঘণ্টার অবস্থান কর্মসূচি শেষে সিবিএ ও বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমান এ ঘোষণা দেন। তিনি বলেন, ৫ আগস্টের মধ্যে দাবি মানা না হলে ৬ আগস্ট সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বলাকায় কর্মবিরতি পালন করবেন বিমানকর্মীরা।
গতকাল সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বলাকার নিচতলায় সিবিএর ডাকে কর্মীদের অবস্থান কর্মসূচি চলাকালে তাঁরা কোনো কর্মকর্তাকে ওই কার্যালয়ে প্রবেশ করতে দেননি।
১৩ দফা দাবিতে গত ২৫ জুন থেকে আন্দোলনে নামে বিমান শ্রমিক লীগ। দাবিগুলোর মধ্যে রয়েছে বিমানের জন্য আধুনিক ও বাস্তবসম্মত জনবলকাঠামো তৈরি ও বাস্তবায়ন, বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং কার্যক্রম রক্ষায় অতিসত্বর প্রয়োজনীয় জনবল নিয়োগ, সব শাখার কর্মীদের কর্মক্ষেত্রের পোশাকের (ইউনিফর্ম) ভাতা চালু। এ ছাড়া রয়েছে পাঁচ বছরের বেশি কর্মরত সব অস্থায়ী কর্মচারীর চাকরি স্থায়ীকরণ, পরিপূর্ণ চিকিত্সাসুবিধা, গোষ্ঠী বিমার ব্যবস্থা প্রভৃতি।
এর আগে গত ৩০ জুন বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ৩ জুলাই চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও করেন আন্দোলনরত কর্মীরা। এ ছাড়া গত বছরের জানুয়ারি মাসে ছয় দফা দাবিতে বিমানকর্মীরা সংস্থার এমডিকে অবরুদ্ধ করে রাখেন। দাবি পূরণ না হওয়ায় তখন তাঁরা গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ বন্ধ করে দেন। ফলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত আট ঘণ্টা অচল থাকে। পরে তখনকার বিমানমন্ত্রী ফারুক খানের মধ্যস্থতায় কর্মীরা অবরোধ তুলে নেন।