৬ আসামির জামিন বাতিলের আদেশ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় ছয় আসামির জামিন বাতিল বিষয়ে আজ মঙ্গলবার কোনো আদেশ হয়নি। ২৩ ফেব্রুয়ারি এ বিষয়ে আদেশের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

আজ ওই হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ ও জামিন বাতিল বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। জুবায়েরের বড় ভাই আবদুল্লাহ আল মামুন আজ আদালতে সাক্ষ্য দেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক তাঁর সাক্ষ্য গ্রহণ করেন। পরে আসামিপক্ষের জেরা শেষে পরবর্তী তারিখ ধার্য করা হয়।

আবদুল্লাহ আল মামুন সাক্ষ্য দেওয়ার পর সাংবাদিকদের বলেন, তিনি নিরাপত্তাহীনতায় আছেন। এর আগে সাক্ষীদের হুমকি দেওয়া হয়েছে।এ বিষয়ে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে জামিন বাতিলের আবেদন করা হয়। কিন্তু আদালত এ বিষয়ে কোনো আদেশ দেননি।

আদালত সূত্র জানায়, গত ১৯ জানুয়ারি সাক্ষী আজিম উদ্দিন ও সিদ্দিকুর রহমান এবং   সৈয়দ নাজমুল হোসাইন ও রাজীবুল ইসলামকে আদালত থেকে ফেরার পথে হত্যার  হুমকি দেন জামিনে থাকা আসামি।

এ বিষয়ে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে ৬ ফেব্রুয়ারি ছয় আসামির জামিন কেন বাতিল করা হবে না, তার কারণ দর্শাতে বলেন আদালত। আজ আসামিপক্ষ জবাব দেওয়ার পর আদালত আদেশ দেননি।

সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাক্ষীদের হুমকির বিষয়ে থানা পুলিশের সত্যতা পাওয়াসংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। কিন্তু আদালত এ বিষয়ে কোনো আদেশ দেননি।

আসামিরা হলেন আশিকুল ইসলাম, খান মোহাম্মদ, জাহিদুল ইসলাম, মো. মেহবুব, রাশেদুল ইসলাম ও  মাহবুব আকরাম । আজ পর্যন্ত ১০ জন সাক্ষ্য দিয়েছেন।

২০১২ সালের ৮ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একপক্ষের হামলায়  আরেক পক্ষের  কর্মী ও ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের ছাত্র জুবায়ের আহমেদ নিহত হন। ওই বছরের  ৮ এপ্রিল ১৩ ছাত্রের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।