কথিত নাস্তিক ব্লগারদের ফাঁসিসহ ১৩ দফা দাবিতে আগামী ৬ এপ্রিল ঢাকা অভিমুখে লংমার্চ কর্মসূচি ‘জীবন দিয়ে হলেও’ বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।গতকাল সোমবার বিকেলে লালবাগে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন হেফাজতের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী। এর আগে সকালে লালবাগ মাদ্রাসায় সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির যৌথ সভায় লংমার্চ সফল করার লক্ষ্যে ২২ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়। সভায় কওমি ধারার ধর্মভিত্তিক দল ও বিভিন্ন কওমি মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে নূর হোসাইন কাসেমী বলেন, ‘আমরা ঢালাওভাবে কাউকে নাস্তিক বলছি না। কিন্তু যাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। জাতীয় সংসদে আল্লাহ, রাসুল (সা.) ও ইসলাম অবমাননার বিরুদ্ধে শাস্তিমূলক আইন পাস করতে হবে।’ এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক ও ইমানি আন্দোলন বলে দাবি করেন তিনি।সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতীফ নেজামী ও মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, মাওলানা তাজুল ইসলাম, খেলাফত আন্দোলনের মহাসচিব জাফরুল্লাহ খান, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মঈনুদ্দীন রুহি, মাওলানা লোকমান হাকিম, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির আবদুর রব ইউসুফী, মাওলানা মাহফুজুল হক, খেলাফতে ইসলামীর আমির আবুল হাসানাত আমিনী প্রমুখ উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীকে স্মারকলিপি: প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে গতকাল জোহরের নামাজের পর হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা কারওয়ান বাজারের আম্বরশাহ মসজিদ থেকে মিছিল নিয়ে বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। হেফাজতের নেতারা দাবি করেন, এ সময় পুলিশ তাঁদের ব্যানার কেড়ে নেয় এবং অনেককে মসজিদে আটকে রাখে। পরে নূর হোসাইন কাসেমীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয়।