৬ ও ৭ জুলাই মুফতি আমিনীও হরতাল ডেকেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আইন বাস্তবায়ন কমিটির মুফতি ফজলুল হক আমিনীও ৬ ও ৭ জুলাই ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছেন।সংবিধান থেকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস তুলে দেওয়ার প্রতিবাদে গতকাল সোমবার লালবাগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আমিনী এই কর্মসূচি ঘোষণা করেন। এ ছাড়া ১৪ জুলাই ঢাকায় সমাবেশ করারও ঘোষণা দেন মুফতি আমিনী।এর আগে বিএনপি, জামায়াত, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও খেলাফত মজলিস ৬ ও ৭ জুলাই হরতাল কর্মসূচি ঘোষণা করে।সংবাদ সম্মেলনে মুফতি আমিনী বলেন, ‘বাংলাদেশের জন্মের পর আওয়ামী লীগের মতো এমন স্বৈরাচারী সরকার আর কখনো আসেনি। এই সরকারের পতনে যারাই যে কর্মসূচি দেবে, তার প্রতি আমাদের সর্বাত্মক সমর্থন থাকবে।’ বর্তমান সরকার সামরিক জান্তার চেয়েও জঘন্য বলে তিনি মন্তব্য করেন।১০ ও ১১ জুলাই ধর্মভিত্তিক ১২টি দলের ডাকা হরতালে সমর্থন আছে কি না, প্রশ্নের জবাবে আমিনী বলেন, ‘এ ব্যাপারে আমরা বৃহস্পতিবার সিদ্ধান্ত নেব। তবে এদের কারও কারও ব্যাপারে আমার সন্দেহ আছে। যখনই ইসলামী দলগুলো কোনো বিষয়ে কর্মসূচি দেয়, তখন কেউ কেউ তৃতীয় শক্তি দাঁড় করানোর চেষ্টা করে। তৃতীয় শক্তি মানে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা। আমার সন্দেহ হয়, তারা সেই ফাঁদে পা দিয়েছে কি না।’ তবে সন্দেহে থাকা দলগুলোর নাম বলতে রাজি হননি তিনি।সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মুফতি মুহাম্মদ ওয়াক্কাছ, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান, যুগ্ম মহাসচিব মুফতি মোহাম্মদ তৈয়্যব উপস্থিত ছিলেন।