৬ ঘণ্টায় ৪০ বার বিদ্যুতের আসা-যাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত এলাকায় গত রোববার বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ৪০ বার বিদ্যুৎ আসা-যাওয়া করে। ঝড়ে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এ সমস্যা হয়। বিদ্যুতের এই আসা-যাওয়ায় অনেকের ফ্রিজ, টেলিভিশনের মতো ইলেকট্রনিক মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

উপজেলা সদরের কলাদী এলাকার পাঁচজন বিদ্যুৎ গ্রাহক বলেন, রোববার বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ৬ ঘণ্টায় অন্তত ৪০ বার বিদ্যুৎ আসা-যাওয়া করে। অর্থাৎ প্রতি ঘণ্টায় গড়ে প্রায় ৭ বার করে বিদ্যুৎ আসা-যাওয়া করে। সেই সঙ্গে ছিল লো-ভোল্টেজ।

উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, এই পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত গ্রাম রয়েছে ১৩০টি এবং বিদ্যুতের গ্রাহকসংখ্যা ৪০ হাজারের বেশি। উপজেলা সদরের টিঅ্যান্ডটি এলাকার দুজন বাসিন্দা বলেন, ঘন ঘন বিদ্যুতের আসা-যাওয়ায় তাঁদের দুজনের ফ্রিজ ও টেলিভিশন বিকল হয়ে পড়ে।

উপজেলার নবকলস এলাকার বাসিন্দা ও স্থানীয় মতলব ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. মিনহাজউদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলে, রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ১০-১২ মিনিট পরপর বিদ্যুৎ আসা-যাওয়া করে। বেশির ভাগ সময়ই ছিল লোডশেডিং। গরমে হাঁসফাঁস করতে হয়েছে সারা দিন। এতে ঠিকমতো পরীক্ষার পড়াশোনা করাও সম্ভব হয়নি।

উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মোসলেহউদ্দিন বলেন, গত শুক্রবার ঝড়ে বিদ্যুতের ৩৩ ও ১১ কেভি (কিলোভোল্ট) লাইনের বিভিন্ন অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসব অংশ মেরামত করতে গিয়ে এ সমস্যা হয়েছে। দু-এক দিনের মধ্যেই এ সমস্যার সমাধান হবে।