নোয়াখালীর বেগমগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে ১১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ওই ব্যবসায়ীর গাড়িচালকসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: জয়দেব দাস (২৭), নজরুল ইসলাম ওরফে সুমন (২৬), অজিউল্লা ওরফে মুন্সি (৩০), মো. রনি (১৯), সমির চন্দ্র ওরফে কৃষ্ণ (২৮) ও আহমেঞ্চদ হোসেন (২৮)। তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া চার লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার রাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের টিন ব্যবসায়ী জসিমউদ্দিন (৪৫) মাইজদী ও চৌমুহনী এলাকা থেকে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে পাওনা টাকা আদায় করে নিজ মাইক্রোবাসে করে ব্যবসাপ্রতিষ্ঠানে ফিরছিলেন। রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে মাইক্রোবাসটি লক্ষ্মীপুর-চৌমুহনী মহাসড়কের বেগমগঞ্জের হেনাকাটা সেতুর ওপর হঠাৎ থেমে যায়। এ সময় পেছনের দিক থেকে দুই-তিনটি মোটরসাইকেলে করে একদল যুবক এসে জসিমউদ্দিনকে কুপিয়ে তাঁর কাছ থেকে ১১ লাখ ১৩ হাজার ৪৬৪ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পর জসিমউদ্দিনের ছেলে সামছুদ্দোহা মঙ্গলবার রাতে বেগমগঞ্জ থানায় একটি মামলা করেন। পুলিশ ওই রাতেই গাড়িচালক জয়দেবকে আটক করে। রাতে থানায় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জয়দেব ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং জড়িত কয়েকজনের নাম বলেন। পুলিশ ওই রাতেই চন্দ্রগঞ্জের আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেপ্তার করে।মামলার তদন্ত কর্মকর্তা বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, গাড়ির চালকসহ নয়জনকে ওই ঘটনায় চিহ্নিত করা হয়েছে। বাকি তিনজনকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারে অভিযান চলছে।