৬ জানুয়ারি প্রেসক্লাবের সামনে থাকবে 'আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর আপিলের রায় উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে ৬ জানুয়ারি সকাল সাড়ে নয়টা থেকে অবস্থান কর্মসূচি পালন করবে নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বাধীন ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার’ নামে একটি সংগঠন।
সদ্য আত্মপ্রকাশ পাওয়া এই সংগঠন গতকাল রোববার মতিঝিলের শাপলা চত্বরে এক সমাবেশের আয়োজন করে। এতে সভাপতির বক্তব্যে সংগঠনের আহ্বায়ক শাজাহান খান ৬ জানুয়ারির কর্মসূচির কথা জানান।
শাজাহান খান বলেন, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার শুধু সংগঠন নয়, এটি একটি আন্দোলন। মানুষের মধ্যে আওয়াজ সৃষ্টি করার জন্য এই সংগঠন করা হয়েছে। তিনি বলেন, ‘পাকিস্তান এখন বিশ্বের সন্ত্রাসের লালনক্ষেত্র। পাকিস্তান থেকে বাংলাদেশে সন্ত্রাসী রপ্তানি হচ্ছে। এ জন্য আমাদের সতর্ক থাকতে হবে।’
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, সাংবাদিক আবেদ খান প্রমুখ।
সমাবেশে সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নসহ মতিঝিল বাণিজ্যিক এলাকা-কেন্দ্রিক বিভিন্ন শ্রমিক সংগঠনের কয়েক শ নেতা-কর্মী অংশ নেন। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিল শাপলা চত্বর থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।