লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় ছয় জেডিসি পরীক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে পাঁচজন গতকালের পরীক্ষায় অংশ নিতে পারেনি।
আহত ফাহিমা আক্তার, শারমিন আক্তার, রেশমা বেগম ও সুফিয়া আক্তার, কুলসুম আক্তার ও শারমিন বেগমের বাড়ি সদর উপজেলার মধ্য চরমনসা গ্রামে। তারা উপজেলার মধ্য চরমনসা দারুস সালাম মহিলা দাখিল মাদ্রাসার ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে ছয় ছাত্রী জেডিসি পরীক্ষায় অংশ নিতে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি থেকে লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসা কেন্দ্রে যাচ্ছিল। লক্ষ্মীপুর-রামগতি সড়কের ভবানীগঞ্জ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তারা আহত হয়।
হাসপাতাল সূত্র জানায়, আহত চারজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর হাসপাতালের চিকিৎসক আবু খায়ের বলেন, আহত শারমিন আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার কেন্দ্রসচিব আবু তাহের জানান, দুর্ঘটনায় আহত কুলসুম আক্তার বিলম্বে কেন্দ্রে এসে পরীক্ষায় অংশ নেয়। আহত অন্য পাঁচজন বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা দিতে পারেনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান, দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন। সিএনজিচালিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে আছে।