৬ জেলায় প্রাণ গেল আটজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ট্রাকের চাপায় গতকাল শনিবার দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই দিন বাগেরহাটে বাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হন ভ্যানের দুজন আরোহী। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও চার জেলায় সড়ক দুর্ঘটনায় চারজন প্রাণ হারিয়েছেন।
এ নিয়ে গত ৪৪ দিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৪০০ জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গতকাল বিকেলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁরা হলেন মাগুরা সদর উপজেলার দমদমা গ্রামের হক সাহেব মোল্লা (৩৫) ও আমুরিযা গ্রামের মো. এরশাদ (৩০)। গতকাল সন্ধ্যায় নিহত দুই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর এলাকাবাসী ওই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ট্রাকচালক পালিয়ে গেছেন।
বাগেরহাটের কচুয়ার সাইনবোর্ড-মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পিংগুড়িয়ায় গত রাতে বাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানটির দুই আরোহী নিহত হয়েছেন। তাঁরা হলেন কচুয়ার বিলকুল গ্রামের খলিল শেখ (৩৫) ও প্রতাপপুর গ্রামের মাহবুব মাঝি (৪৫)।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা রিসোর্টের সামনে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গতকাল সকালে ঢেউটিনবোঝাই একটি ট্রাকের সঙ্গে অপর একটি ট্রাকের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। নিহত আনোয়ার (২৬) ট্রাকের আরোহী ছিলেন। তাঁর বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চকবিজলী গ্রামে। টিনের চাপায় ঘটনাস্থলেই আনোয়ার নিহত হন।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ইটবাহী পাওয়ার ট্রলির চাপায় মো. দুলু উদ্দিন (৫৫) নামের একজন পথচারী নিহত হয়েছেন। গতকাল সকালে স্থানীয় কবরস্থান মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুলুর বাড়ি পার্শ্ববর্তী পীরপুরকুল্লা গ্রামে।
কুমিল্লার দাউদকান্দির জিংলাতলীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে অপর একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে দণ্ডায়মান কাভার্ড ভ্যানের চালকের সহকারী (২৬) ঘটনাস্থলেই নিহত হন। তাঁর নাম-ঠিকানা জানা যায়নি। শুক্রবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আবদুল ওহাব (৫০) নামের স্থানীয় এক ব্যক্তি গুরুতর আহত হন।
গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর কলেজ গেটের পাশে গতকাল সন্ধ্যায় ট্রাকচাপায় এক বাইসাইকেল আরোহী কিশোর (১৪) নিহত হয়। তার পরিচয় জানা যায়নি। এ প্রতিবেদন লেখার সময় রাত আটটার দিকে ঘটনাস্থলে পিষ্ট অবস্থায় কিশোরের লাশ পড়ে ছিল।