৬ জেলায় বিএনপি-জামায়াতের ৩৯ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের আজকের সমাবেশকে কেন্দ্র করে ছয় জেলায় ৩৯ জনকে গ্রেপ্তার ও নয়জনকে আটক করেছে র‌্যাব ও পুলিশ। এ ছাড়া বরিশালের সঙ্গে ঢাকার লঞ্চ ও বাস এবং বগুড়ার সঙ্গে ঢাকার বাস যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।বরিশাল মহানগর বিএনপির সভাপতি ও সাংসদ মজিবর রহমান সরোয়ার অভিযোগ করেন, গত ১২ মার্চের সমাবেশ বানচাল করতে সরকার যা করেছে, এবারও একই কাজ শুরু করেছে। তিনি বলেন, লঞ্চ বন্ধ করে দিয়ে শুধু বিএনপির কর্মীদের নয়, সাধারণ মানুষকেও সরকার ভোগান্তিতে ফেলেছে।প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয়, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর: বরিশাল: বিএনপি সূত্র জানায়, দক্ষিণাঞ্চলের বিএনপির নেতা-কর্মীরা যাতে ঢাকার সমাবেশে অংশ নিতে না পারেন, এ জন্য লঞ্চ ও বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকা-বরিশালের কোনো বাস ছাড়তে দেওয়া হচ্ছে না।গতকাল সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, ঢাকা-বরিশাল রুটের সব লঞ্চ টার্মিনাল থেকে সরিয়ে কীর্তনখোলা নদীর বিপরীত তীরে কাউয়ারচর এলাকায় নোঙর করে রাখা হয়েছে। এ ব্যাপারে বরিশাল লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান বলেন, ‘আমাদের কাছে সরকারি কোনো নির্দেশনা আসেনি। এর পরও কেন লঞ্চ বন্ধ রয়েছে, তা বলতে পারছি না।’জানতে চাইলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শামসুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘লঞ্চ বা বাস বন্ধ করার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’ তবে জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন দাবি করেন, মাওয়া ঘাটে সমস্যা হয়েছে। তাই শুধু ঢাকা-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বগুড়া: বগুড়া থেকে ঢাকাগামী সব যাত্রীবাহী কোচ গতকাল দুপুর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকায় আজকের সমাবেশের কারণে এসব যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে বিএনপি। এলাকাবাসী জানান, ঢাকায় যাওয়ার জন্য যেসব যাত্রী টিকিট কিনেছিলেন, তাঁরা টার্মিনালে গিয়ে জানতে পারেন, বাস ঢাকায় যাবে না। বাস কাউন্টার থেকে যাত্রীদের টিকিট ফেরত দিতে বলা হচ্ছে। কাউন্টারের কর্মীদের দাবি, মালিকপক্ষের মৌখিক নির্দেশে বাস চলাচল বন্ধ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিকনেতা জানান, আজ ঢাকায় বিএনপির সমাবেশ উপলক্ষে মালিক সমিতির পক্ষ থেকে কোচ চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। তবে বগুড়া মোটর মালিক সমিতির সভাপতি শাহ আকতারুজ্জামান দাবি করেন, গাড়ি বন্ধ রাখতে সমিতি থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, ঢাকায় বিএনপির সমাবেশ উপলক্ষে মালিক ও শ্রমিকেরা নিরাপত্তার কথা ভেবে গাড়ি চলাচল বন্ধ রেখেছেন। নোয়াখালী: দলীয় ও পুলিশ সূত্র জানায়, জেলার সব উপজেলায় শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ২৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে ২১ জন বিএনপির ও সাতজন জামায়াতের কর্মী। অভিযানে বেগমগঞ্জে ১০ জন, কোম্পানীগঞ্জে তিনজন, সুধারামে তিনজন, সেনবাগে তিনজন, সোনইমুড়ীতে পাঁচজন এবং কবিরহাট, সুবর্ণচরের চরজব্বার, চাটখিল ও হাতিয়ায় একজন করে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাযারী বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের প্রত্যেকেই কোনো না কোনো মামলার আসামি। জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান অভিযোগ করেন, ঢাকায় সমাবেশে লোকসমাগম ঠেকাতে নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করছে সরকার। নীলফামারী: পুলিশ জানায়, জলঢাকা পেট্রলপাম্প এলাকায় অভিযান চালিয়ে গতকাল ভোরে নাশকতার ষড়যন্ত্রে জড়িত সন্দেহে জামায়াতের চারজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে গতকালই কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জলঢাকা থানার ওসি তাপস কুমার পণ্ডিত। সরিষাবাড়ী (জামালপুর): বিএনপি ও পুলিশ সূত্র জানায়, ঢাকায় সমাবেশে যাওয়ার সময় গতকাল সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন থেকে বিএনপির সাতজন সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।টঙ্গী (গাজীপুর): পুলিশ জানায়, টঙ্গীতে শনিবার রাতে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নয়জন কর্মীকে আটক করেছে পুলিশ ও র‌্যাব। মডেল থানার ওসি ইসমাইল হোসেন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের আটক করা হয়েছে।