৬ টাকার কাঁচা মরিচ ৬০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মানিকগঞ্জের বরঙ্গাইল বাজার থেকে গত শুক্রবার প্রতি কেজি কাঁচামরিচ ৬ টাকা দরে কিনেছেন ব্যবসায়ী মো. কামাল ব্যাপারী। রাতে কারওয়ান বাজারের আড়তে সেই মরিচ তিনি কেজিপ্রতি ৪ থেকে শুরু করে ৮ টাকা পর্যন্ত দরে বিক্রি করেছেন। অথচ গতকাল শনিবার ঢাকার দুটি বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৬০ টাকা চেয়েছেন খুচরা বিক্রেতারা। ভরা মৌসুমের কারণে এবার রমজানের বাজারেও কাঁচা মরিচের দাম তেমন বাড়েনি। রোজার প্রথম দুই দিন খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৮০ টাকা দরে বিক্রি হয়েছে। এখন সেটা ২০ টাকা কমেছে। কিন্তু পাইকারি বাজারে অস্বাভাবিক কম দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।
এতে কৃষকের লোকসান হচ্ছে, ব্যবসায়ীদের অনেকে মরিচ বিক্রি করতে না পেরে আড়তে ফেলে চলে যাচ্ছেন। কিন্তু সাধারণ মানুষকে কিনতে হচ্ছে ৮ থেকে ১০ গুণ বেশি দরে।
কাঁচা মরিচের জন্য বিখ্যাত মানিকগঞ্জের বরঙ্গাইল বাজার। ঢাকার মরিচের সিংহভাগের জোগান আসে সেখান থেকে। খোঁজ নিয়ে জানা গেছে, ওই বাজারে কয়েক দিন ধরে কাঁচা মরিচ কেজিপ্রতি সর্বনিম্ন ৪ থেকে ৫ এবং সর্বোচ্চ ১০ টাকা দরে বিক্রি হচ্ছে। ঢাকার কারওয়ান বাজারের আড়তে গত শুক্রবার রাতে এক কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৪ থেকে সর্বোচ্চ ১০ টাকায়। অন্যদিকে বিন্দি, জিয়াসহ কয়েকটি জাতের মরিচ ১২ টাকার কাছাকাছি দরে বিক্রি করেছেন বিক্রেতারা।
ব্যবসায়ী মো. কামাল জানান, তিনি মানিকগঞ্জ থেকে আড়াই হাজার কেজি মরিচ এনেছিলেন। ৬ টাকা দরে কেনার পর কেজিতে ১ টাকা ২৫ পয়সা ভাড়া, দুই আড়তে ২ টাকা কমিশন, বস্তার দাম কেজিতে ৭৫ পয়সা ধরে ১ কেজি মরিচের পেছনে খরচ হয়েছে ১০ টাকা। বাজারে দাম ৮ টাকার বেশি ওঠেনি। গত তিন দিনে কাঁচা মরিচে তাঁর ৭০ হাজার টাকা লোকসান হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১৪ সালের এক উৎপাদনশীলতা জরিপ অনুযায়ী, এক কেজি শুকনো মরিচের উৎপাদন খরচ প্রায় ৫১ টাকা। ৪ কেজি কাঁচা মরিচে ১ কেজি শুকনা মরিচ হয়। সে হিসাবে এক কেজি কাঁচা মরিচ উৎপাদনে ব্যয় হয় প্রায় ১৩ টাকা।
মানিকগঞ্জের ২ নম্বর দিঘা ইউনিয়নের ভাট ভাউর গ্রামের মরিচচাষি শাহাবুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, তিনি গতকাল মরিচ বিক্রি করেছেন কেজি ৫ টাকা দরে। অথচ এক কেজি মরিচ তুলতেই ২ টাকা দিতে হয়।
ওই কৃষক বলেন, মে মাসে সাধারণত মৌসুম শুরু হয়। তখন ভালো দাম পেয়েছিলেন। এখন লোকসান হচ্ছে। মৌসুম শেষে এক বিঘা জমিতে ৭ থেকে ৮ হাজার টাকা লাভ থাকবে বলে আশা করেন তিনি।
ঢাকার সেগুনবাগিচা কাঁচাবাজার ও হাতিরপুল বাজার ঘুরে দেখা গেছে, সেখানে বিক্রেতারা গতকাল ২৫০ গ্রাম মরিচের দাম চেয়েছেন ১৫ টাকা। এতে কেজি পড়ে ৬০ টাকা। সংবাদকর্মী পরিচয় দিয়ে জানতে চাইলে সেগুনবাগিচা বাজারের সবজিবিক্রেতা নূরে আলম বলেন, মরিচ ৩০ টাকায়ও বিক্রি করা যায়।
কারওয়ান বাজারে দিনে আড়তে যেসব খুচরা দোকান বসে সেখানে ২০ থেকে ৩০ টাকায় মরিচ বিক্রি করতে দেখা গেছে। কারওয়ান বাজারের খুচরা বিক্রেতা আইনুল হক জানান, তিনি গতকাল ভোরে ৪০ টাকা পাল্লা (৫ কেজি) দরে ১৫ কেজি মরিচ কিনেছেন। বিক্রি করছেন ২০ টাকা দরে। তাঁর দোকানের সামনেই পড়েছিল ছিল দুই বস্তা মরিচ। জানতে চাইলে তিনি জানান, এক ফড়িয়া বিক্রি করতে না পারায় ফেলে গেছে। বৃষ্টিতে ভিজে তা পচে গেছে।