চট্টগ্রাম চেম্বারের নির্বাচনের ওপর এক মাসের স্থগিতাদেশ দিয়েছেন উচ্চ আদালত। এ সময়ে ভোটার তালিকার অসংগতি দূর করতে বলেছেন আদালত। আদালতের আদেশের কারণে নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৬ ডিসেম্বর চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। আদালতের আদেশের সত্যায়িত কপি গতকাল রোববার হাতে পেয়েছেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘উচ্চ আদালত আগামী এক মাসের মধ্যে ভোটার তালিকা সংশোধন করতে বলেছেন। এ কারণে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন হচ্ছে না। আমরা এখন আদালতের নির্দেশনা অনুসরণ করব।’ ভোটার তালিকা সংশোধনের পর আদালতে তা গ্রহণ করা হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান। জানা গেছে, কানিজ ফারজানা রাশেদ নামের একজন ভোটার চেম্বারের নির্বাচনের ভোটার তালিকার অসংগতি নিয়ে উচ্চ আদালতে রিট করেন। গত ১২ নভেম্বর বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের একটি বেঞ্চ ওই আদেশ দেন। চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম গতকাল প্রথম আলোকে বলেন, ‘আদালতের আদেশের কারণে নির্ধারিত তফসিল অনুযায়ী নির্বাচন হচ্ছে না।’