৬ থেকে ১৮ টাকা মুনাফা করছেন খুচরা ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে সরবরাহ দেদার। মজুদও যথেষ্ট। তবু উচ্চ দাম। প্রতি কেজি পেঁয়াজ, রসুন, বেগুন ও কাঁচা মরিচে অন্তত ৬ থেকে ১৮ টাকা পর্যন্ত মুনাফা করছেন খুচরা ব্যবসায়ীরা। গতকাল বুধবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেল। রাজধানীতে পেঁয়াজের বড় পাইকারি বাজার শ্যামবাজারে প্রতি কেজি আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হয় ১২ থেকে ১৬ টাকায়। অথচ, দুই কিলোমিটার দূরে পুরান ঢাকার রায়সাহেব বাজারে এই পেঁয়াজ বিক্রি হয়েছে ২২ থেকে ২৫ টাকায়।প্রতি কেজিতে পরিবহন ও আনুষঙ্গিক ব্যয় দুই টাকা ধরলে এক কেজি পেঁয়াজে খুচরা বিক্রেতারা মুনাফা করছেন সাত থেকে আট টাকা। একইভাবে শ্যামবাজারে ২৪ থেকে ২৬ টাকায় বিক্রি হওয়া দেশি পেঁয়াজ রায়সাহেব বাজারে ৩২ থেকে ৩৫ টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজিতে দুই টাকা ব্যয় ধরলে খুচরা বিক্রেতাদের মুনাফা ছয় থেকে সাত টাকা।দেখা যাচ্ছে, আমদানি করা কিংবা দেশি—যে পেঁয়াজই হোক না কেন, প্রতি কেজি পেঁয়াজে খুচরা বিক্রেতারা লাভ করছেন ছয় থেকে আট টাকা।৯ জুলাই বেগুন, কাঁচা মরিচ, পেঁয়াজ ও রসুন—এই চারটি পণ্যের রপ্তানি নিষিদ্ধ করে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে জানায়, আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই চার পণ্য রপ্তানি করা যাবে না। মূলত পবিত্র রমজানে দেশে সরবরাহ স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বাড়তি মুনাফা প্রসঙ্গে মিরপুরের রূপনগর বাজারের খুচরা বিক্রেতা ওবায়দুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কারওয়ান বাজার থেকে আমরা যেসব পণ্য কিনে আনি, তা ঠিকমতো দেখে আনার সুযোগ থাকে না। তাই অনেক পণ্যই পচা থাকে। সেই ক্ষতি পুষিয়ে নিতে ক্রেতাদের কাছ থেকে বেশি দাম নিতে হয়।’পেঁয়াজ: কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বাজারভেদে অন্য পণ্যের দাম যেমন ওঠানামা করে, পেঁয়াজ তার ব্যতিক্রম। সবগুলো বাজারেই মোটামুটি একই দরে পেঁয়াজ বিক্রি করতে দেখা গেছে।পুরান ঢাকার নারিন্দার দক্ষিণ মৈশুন্ডী বাজারে গতকাল দেশি প্রতি কেজি পেঁয়াজ ৩৫ ও ভারতীয় পেঁয়াজ ২৬ টাকায় বিক্রি হয়। কারওয়ান বাজারে দেশি পেঁয়াজ ৩২ থেকে ৩৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ২৪ থেকে ২৬ টাকায় বিক্রি হয়। শ্যামবাজারের বড় পাইকার ও আমদানিকারক পপুলার বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী রতন সাহা প্রথম আলোকে বলেন, বাজারে প্রচুর পরিমাণে দেশি ও ভারতীয় পেঁয়াজের সরবরাহ রয়েছে। পর্যাপ্ত মজুদও রয়েছে। তাই রমজানে পেঁয়াজের সংকট হওয়ার কথা নয়।রতন সাহা বলেন, পেঁয়াজ আমদানি করে অনেক ব্যবসায়ী আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন। কারণ, আমদানি ব্যয়ের চেয়ে কম দামে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে। সে কারণে অনেকেই থেমে থেমে পেঁয়াজ আমদানি করছেন।বেগুন: কারওয়ান বাজারের আড়তে গতকাল প্রতি কেজি কালো লম্বা বেগুন ১৮ থেকে ২০ এবং গোল বেগুন ২৮ থেকে ৩০ টাকায় বিক্রি হয়েছে। তবে একই বাজারে খুচরা বিক্রেতারা প্রতি কেজি কালো বেগুন ৩০ এবং গোল বেগুন ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি করেছেন।রায়সাহেব বাজারে কালো লম্বা বেগুন বিক্রি হয়েছে ৪০ টাকা কেজি। আর গোল বেগুনের দাম প্রকারভেদে ৩৬ থেকে ৪৮ টাকা। নারিন্দার দক্ষিণ মৈশুন্ডী বাজারে প্রতি কেজি কালো বেগুন ৪০, গোল বেগুন ২৮ থেকে ৩২ টাকায় বিক্রি হয়েছে।কাঁচা মরিচ: এ মাসের শুরুর দিকে হঠাৎ করেই কাঁচা মরিচের কেজি ২৫ থেকে এক লাফে ৮০ থেকে ৯০ টাকা হয়ে যায়। পরে তা ১১০ টাকা পর্যন্ত ওঠে। তবে মরিচের বাজারে এখন স্বস্তি ফিরেছে। বিভিন্ন বাজারে এখন কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।কারওয়ান বাজারে পাইকারিতে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ২০ থেকে ২৫ টাকা। অর্থাৎ দ্বিগুণ দামে খুচরা বিক্রেতারা মরিচ বিক্রি করছেন।রসুন: এক সপ্তাহে অবশ্য রসুনের দাম কমেছে অন্তত ১০ টাকা। গত সপ্তাহে দেশি রসুন ৫০ থেকে ৬০ টাকায় এক কেজি বিক্রি হলেও গতকাল রায়সাহেব বাজারে বিক্রি হয়েছে ৫০ টাকায়। কারওয়ান বাজারে রসুন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। কমেছে আমদানি করা চীনা রসুনের দামও। ১১০ টাকা পর্যন্ত উঠলেও এখন কেজি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। রায়সাহেব বাজারে প্রতি কেজি চীনা রসুনের দাম ৯৫ থেকে ৯৬ এবং নারিন্দার দক্ষিণ মৈশুন্ডী বাজারে ১০০ টাকা কেজি।শ্যামবাজারে প্রতি কেজি দেশি রসুন ২৬ থেকে ২৮ এবং চীনা রসুন ৮০ টাকায় বিক্রি হয়। দেশি ও চীনা রসুনে ১৪ থেকে ১৮ টাকা মুনাফা করছেন খুচরা বিক্রেতারা।