কিশোরগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকা বাস ধর্মঘট গতকাল রোববারও অব্যাহত ছিল। পথে পথে চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে তারা ছয় দিন ধরে এ ধর্মঘট পালন করছে। এতে কিশোরগঞ্জের বত্রিশ বাসস্ট্যান্ড থেকে ঢাকা-সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনালে যাতায়াতকারী সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে এ রুটে চলাচলকারী অসংখ্য যাত্রী দুর্ভোগে পড়েছে। কিশোরগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন জানায়, ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ব্যানারে দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ থেকে সায়েদাবাদ টার্মিনালে চলাচলকারী বাসগুলো থেকে জোরপূর্বক চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা দিতে অস্বীকার করলে চালক ও শ্রমিকদের শারীরিক নির্যাতনসহ বিভিন্নভাবে হয়রানি করা হয়। গত ২৬ মে ঢাকা থেকে ছেড়ে আসা ঈশা খাঁ পরিবহনের একটি বাস থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে একপর্যায়ে চালক জালাল মিয়াকে মারধর করা হয়। এ ঘটনার প্রতিবাদে ও চাঁদাবাজি বন্ধের দাবিতে কিশোরগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়।কিশোরগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুস শহীদ জানান, প্রতিদিন কিশোরগঞ্জ-সায়েদাবাদ রুটের ১০-১৫টি পয়েন্টে প্রতি বাস থেকে পাঁচ শ থেকে এক হাজার টাকা চাঁদা আদায় করা হয়। প্রতিবাদ করায় শ্রমিকদের শারীরিক নির্যাতনসহ হয়রানির শিকার হতে হয়। বিষয়টি সুরাহা না হলে বাস চালানো সম্ভব নয়। তবে ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তৈয়ব আলী চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতনের কথা অস্বীকার করেছেন। কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা বলেন, ‘বিষয়টি অমানবিক হওয়ায় আমরা নৈতিক কারণে ধর্মঘটে সমর্থন দিয়েছি।’