৬ দিনের ভারত সফরে যাচ্ছে কোস্টগার্ডের জাহাজ তাজউদ্দীন
ভারতে ছয় দিনের শুভেচ্ছা সফরে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর জাহাজ তাজউদ্দীন। আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থেকে ১৪ জন কর্মকর্তা ও ১০৪ জন নাবিককে নিয়ে জাহাজটি রওনা হয়। এ সময় সেখানে কোস্টগার্ডের জোনাল কমান্ডার (পূর্ব জোন) ক্যাপ্টেন এম ওয়াসিম মাকসুদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহাজ তাজউদ্দীন ভারতের চেন্নাই ও বিশাখাপট্টনম বন্দরে অবস্থান করবে। এই সফরে কোস্টগার্ড সদস্যদের প্রশিক্ষণ (সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা, পরিবেশদূষণ রোধকল্পে করণীয়), পারস্পরিক সম্প্রীতি, সমঝোতা বৃদ্ধি, যৌথ মহড়াসহ গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর প্রাধান্য দেওয়া হবে।
২০১৫ সালে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে প্রতিবছরই দুই দেশের কোস্টগার্ডের জাহাজ শুভেচ্ছা সফর করে আসছে। যাওয়া-আসার সময় ছাড়া ছয় দিন ভারতে অবস্থান শেষে আগামী ৪ জুন চট্টগ্রামে ফিরে আসবে জাহাজটি।