গাজীপুর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে আবার নির্বাচনের দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন এলাকাবাসী। গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ওই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. গিয়াস উদ্দিন মোল্লাকে (সিংহ) নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ওই ওয়ার্ডের তিনটি কেন্দ্রে ভোট জালিয়াতি করে গিয়াসকে জয়ী করা হয়েছে বলে অভিযোগ এনে প্রতিদ্বন্দ্বিতাকারী কাউন্সিলর পদপ্রার্থী ও তাঁদের সমর্থকেরা গতকাল দুপুরে কাশিমপুর এলাকায় বিক্ষোভ মিছিল করেন। পরে তাঁরা কাশিমপুর-নরসিংহপুর সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। বিক্ষোভকারীরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে অবিলম্বে ৬ নম্বর ওয়ার্ডে পুনর্নির্বাচনের দাবি জানান। বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধকালে উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. মামুন রেজা (হাতি), মো. সেলিম চৌধুরী (মোরগ), কৃষ্ণ চন্দ্র পাল (পদ্ম ফুল) এবং ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে (সাধারণ ৪, ৫ ও ৬) কাউন্সিল পদপ্রার্থী রেহেনা পারভীন (টিয়াপাখি), সেলিনা আজিজ (উড়োজাহাজ), মোছা. তানিয়া (হরিণ), নাসরিন আক্তার (ডাব) প্রমুখ।৬ নম্বর ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর পদপ্রার্থী মীর আসাদুজ্জামান (বৈদ্যুতিক পাখা) সাংবাদিকদের জানান, শনিবার অনুষ্ঠিত নির্বাচনে নিউরন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও ধনঞ্জয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাঁদের সবার পোলিং এজেন্টদের বের করে দিয়ে ভোট গণনা করা হয়। কেন্দ্রে ফলাফল ঘোষণার নিয়ম থাকলেও তা না করে রাত নয়টায় র্যাব-পুলিশ দিয়ে ব্যালট বাক্স রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। এ ব্যাপারে যোগাযোগ করা হলে রিটার্নিং কর্মকর্তা মো. মতিয়ার রহমান জানান, ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচনে কোনো সমস্যা হয়নি। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। তাই পুনর্নির্বাচনের প্রশ্নই আসে না।