৬ নম্বর ওয়ার্ডের পুনর্নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের পুনর্নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। ভোট গ্রহণের মাত্র দুই দিন আগে এই নির্বাচন স্থগিত করা হলো। কাউন্সিলর পদপ্রার্থী আতিকুর রব চৌধুরীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন পুনর্নির্বাচন স্থগিতের আদেশ দেয়। অপসারিত সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরীর পুনর্নির্বাচনে প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে পুনর্নির্বাচন তিন মাসের জন্য স্থগিতের আদেশ গত মঙ্গলবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পৌঁছায়। নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, নির্বাচন স্থগিত করার বিষয়টি মঙ্গলবার রাতেই জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার ভোট গ্রহণের কথা ছিল। নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচিত হওয়া ফরহাদ চৌধুরীর প্রার্থিতা চ্যালেঞ্জ করে মামলা হয়। প্রার্থীর আট তথ্যের মধ্যে ফরহাদ মিথ্যা তথ্য দেওয়ায় নির্বাচন কমিশনের নির্দেশে পুনর্নির্বাচনের দিনক্ষণ নির্ধারিত হয়। পুনর্নির্বাচনে আবার প্রার্থী হন সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী। বিষয়টি চ্যালেঞ্জ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতিকুর রব চৌধুরী রিট আবেদন করেন। পুনর্নির্বাচন স্থগিত হওয়ার খবরে কাউন্সিলর পদে দুই প্রার্থী ফরহাদ চৌধুরী ও ইমদাদ হোসেন চৌধুরীর সমর্থকেরা মঙ্গলবার রাত নয়টায় আম্বরখানা-বিমানবন্দর সড়ক অবরোধ করেন। খবর পেয়ে বিমানবন্দর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্ধ জনতাকে শান্ত করে। ভোট গ্রহণের মাত্র দুই দিন আগে নির্বাচন স্থগিত হওয়ায় প্রার্থীরা হতাশ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ফরহাদ চৌধুরী বলেন, ‘এটা ষড়যন্ত্র। পুনর্নির্বাচনে আমার জয় নিশ্চিত জেনে পরিকল্পিতভাবে এটা করা হয়েছে।’ অপর প্রার্থী ইমদাদ চৌধুরী হতাশা প্রকাশ করে জানান, হঠাৎ করে নির্বাচন স্থগিতের ঘোষণায় ভোটাররাও হতাশ হয়েছেন।