৬ পরীক্ষার্থীর কাছে মুঠোফোন, বহিষ্কার

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় মুঠোফোন সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার অপরাধে এক কেন্দ্রে ছয় এইচএসসি পরীক্ষাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার সৈয়দপুর সরকারি কারিগরি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। এদিন ইংরেজি প্রথম পত্র বিষয়ের পরীক্ষা ছিল।
কেন্দ্র–সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবারের এইচএসসি পরীক্ষা সৈয়দপুর উপজেলায় চারটি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলো হচ্ছে সৈয়দপুর সরকারি কারিগরি কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজ ও সৈয়দপুর কলেজ। সকালে ইংরেজি প্রথম পত্র বিষয়ের পরীক্ষা চলাকালে সৈয়দপুর সরকারি কারিগরি কলেজ কেন্দ্রে তল্লাশি করে ছয় পরীক্ষার্থীর কাছে মুঠোফোন পাওয়া যায়। এরপর তাঁদের বহিষ্কার করা হয়।
ওই পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুজ্জামান জাহিদ তাঁদের বহিষ্কার করেন। সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের কেন্দ্রসচিব অধ্যক্ষ শাহ্ মো. আমির আলী আজাদ ছয় পরীক্ষার্থীকে বহিষ্কারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।