পুলিশের টহল গাড়ির সঙ্গে চাঁদের গাড়ির সংঘর্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু বক্কর ভূইয়া, পুলিশ সদস্য পূর্ণ সুজন চাকমা, তোফাজ্জল হোসেন, আসিং মারমা, মো. শরীফ হোসেন ও মোবারক হোসেন। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, গাড়িটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
লাশ উদ্ধার
ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের সেকান্তরপুর গ্রামের একটি পুকুর পাড় থেকে গতকাল বৃহস্পতিবার অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ (৬০) উদ্ধার করেছে পুলিশ। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল জানান, তাঁদের ধারণা ওই ব্যক্তি কীটনাশক ধরনের কিছু পান করেছিলেন। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ
থানায় অপমৃত্যুর মামলা করেছে।