চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচনে ছয়টি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার ব্যাপারে আপত্তি তুলেছে বিএনপি। ইতিমধ্যে ছয় প্রিসাইডিং কর্মকর্তার পরিবর্তন চেয়ে রিটার্নিং কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচনী সমন্বয়ক জিয়াউল হাসান হোসাইনী। গত বৃহস্পতিবার এ অভিযোগ দেওয়া হয়।
বিএনপি অভিযোগ করেছে, পৌর নির্বাচনের ১১টি কেন্দ্রের মধ্যে ছয়টিতে আওয়ামী লীগের প্রার্থীর পছন্দের ব্যক্তিদের প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে আলাওল ডিগ্রি কলেজের প্রভাষক দেলোয়ার হোসেনকে খলিল শাহ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, মো. ওসমান গণিকে দক্ষিণ জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, পলাশ কান্তি মুৎসুদ্দীকে দোসরীপাড়া ইবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রে এবং কাইছার আলম সিকদারকে রংগিয়াঘোনা মনচুরিয়া মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া বিআরডিবির উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রিয়তোষ কান্তি নাথকে দক্ষিণ জলদী আস্করিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং মাস্টার নজির আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক তুষার কান্তি ভারতীকে রুহুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগে বলা হয়েছে, আলাওল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিছ ও বিআরডিবি বাঁশখালীর চেয়ারম্যান রশিদ আহমেদ চৌধুরী নৌকা প্রতীকের প্রার্থী সেলিমুল হক চৌধুরীর পক্ষে নির্বাচনী গণসংযোগ করছেন এবং পথসভায় বক্তব্য দিয়েছেন। এ ছাড়া মাস্টার নজির আহমদ কলেজের প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক। তাঁদের অধীন শিক্ষক ও কর্মকর্তা দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ জন্য তাঁদের পরিবর্তন করে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার অনুরোধ জানানো হয় ওই অভিযোগে।
বিএনপির মেয়র প্রার্থী মোহাম্মদ কামরুল ইসলাম হোসাইনী গতকাল রোববার প্রথম আলোকে বলেন, নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার জন্য আওয়ামী লীগ এই অপকৌশলের আশ্রয় নিয়েছে। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, কে কার প্রতিষ্ঠানে চাকরি করেন তা মুখ্য বিষয় নয়, নির্বাচন কমিশনের যথাযথ নির্দেশনা ও শর্ত মেনে প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। ইতিমধ্যে তাঁদের নির্বাচনে ভোট গ্রহণের ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাই এই মুহূর্তে তাঁদের পরিবর্তন করার সুযোগ নেই।