৬ বছর অকেজো, স্থানান্তরে খরচ আড়াই কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১৭ কোটি টাকায় কেনা দুটি গ্যাস জেনারেটর ছয় বছর অকেজো ফেলে রেখে কাজে লাগানোর প্রক্রিয়া শুরু করেছে ঢাকা ওয়াসা। জেনারেটর দুটি সচল ও অন্যত্র স্থানান্তরের কার্যাদেশ দেওয়া হয়েছে। প্রতিটির পেছনে ১ কোটি ২৫ লাখ টাকা করে মোট ২ কোটি ৫০ লাখ টাকা খরচ হবে।
এসব তথ্য জানিয়ে ঢাকা ওয়াসার সূত্র বলেছে, জেনারেটর দুটি প্রথমেই স্থান ও পরিবেশগত দিক বিবেচনা করে স্থাপন করলে বাড়তি খরচ হতো না। বরং গ্যাস জেনারেটর ব্যবহার করলে বিপুল অঙ্কের বিদ্যুৎ বিল সাশ্রয় হতো।
ঢাকা ওয়াসার সূত্র বলেছে, দুটি গ্যাস জেনারেটরের একটি লালমাটিয়ায় এবং অন্যটি পুরান ঢাকার চাঁদনীঘাটে ছয় বছর ধরে অনেকটা অযত্ন-অবহেলায় পড়ে আছে। এখন একটিকে মিরপুর ১০ নম্বর সেকশনে ওয়াসার বোতলজাত ‘শান্তি’ পানির কারখানায় এবং অপরটি সায়েদাবাদ পানি শোধনাগারে বসানো হবে। ছয় বছর অকেজো পড়ে থাকায় এগুলো কত দিন সচল থাকবে, তা নিয়ে সংশয় রয়েছে।
সূত্র বলেছে, শোধনাগার ও পাম্প চালনা বাবদ ওয়াসাকে বিপুল অঙ্কের বিদ্যুৎ বিল দিতে হয়। বিদ্যুৎ বিল সাশ্রয় ও লোডশেডিংয়ের সময় ব্যবহারের জন্য ঢাকা ওয়াসা তিনটি শক্তিশালী গ্যাস জেনারেটর মোট ২৫ কোটি টাকায় কেনে। এগুলো ২০১০ সাল নাগাদ মিরপুর ১০ নম্বরে শান্তি পানির কারখানায়, সোয়ারীঘাটের চাঁদনীঘাট পানি শোধনাগার এবং লালমাটিয়ার এ ব্লকে পানির ট্যাংক ও পাম্পস্টেশনে বসানো হয়। তবে কোন স্থানে বসানো উচিত, বসালে এলাকাবাসীর কোনো সমস্যা হবে কি না, তা নিয়ে চিন্তা করা হয়নি। শান্তি পানির কারখানায় স্থাপিত জেনারেটরের শব্দ নিয়ে সমস্যা হয়নি। কিন্তু লালমাটিয়া ও চাঁদনীঘাটের লোকালয়ে বসানো জেনারেটর চালুর পর কম্পন ও বিকট শব্দে শুরুতেই বাসিন্দারা অতিষ্ঠ হয়ে ওঠেন। বিশেষ করে লালমাটিয়ার বাসিন্দাদের প্রতিবাদ ও পরিবেশ অধিদপ্তরের আপত্তির মুখে ওয়াসা দুটি জেনারেটর কিছুদিনের মধ্যেই বন্ধ করে দিতে বাধ্য হয়। তারপর থেকে জেনারেটর দুটি নিষ্ক্রিয় ফেলে রাখা হয়েছে। বন্ধ থাকায় এগুলো ক্ষতিগ্রস্তও হয়। কিন্তু ওয়াসা পরবর্তী সময়ে এ দুটি সায়েদাবাদ শোধনাগার বা মিরপুরে পানির কারখানায় স্থানান্তর করলে ক্ষতি এড়ানো যেত বলে মনে করেন একাধিক কর্মকর্তা।
সায়েদাবাদে প্রথম শোধনাগার ২০০২ সালে এবং দ্বিতীয়টি ২০১২ সালের ডিসেম্বরে চালু হয়।
ওয়াসা সূত্র বলেছে, সম্প্রতি ২ কোটি ৫০ লাখ টাকা খরচ করে জেনারেটর দুটি শান্তি পানির কারখানা ও সায়েদাবাদ শোধনাগারে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়। গ্যাস জেনারেটর ক্রয় প্রকল্পের অধীনে এ দুটি স্থানান্তরের প্রক্রিয়া চলছে। প্রকল্প সূত্র বলেছে, সায়েদাবাদে স্থানান্তরের জন্য প্যারাগন কোম্পানি এবং মিরপুরের জন্য এনার্জি প্যাককে কাজ দেওয়া হয়েছে।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান গত বুধবার বলেন, তিনি আসার আগেই জেনারেটরগুলো কেনা হয়। চাঁদনীঘাটের জন্যই একটি জেনারেটর আনা হয়েছিল। সেটি আগে সায়েদাবাদে বসানোর চিন্তা করা হয়নি। এখন দেখা যাচ্ছে, চাঁদনীঘাটের তুলনায় সায়েদাবাদ শোধনাগারে জেনারেটর বেশি প্রয়োজন। কারণ, সায়েদাবাদে প্রচুর বিদ্যুৎ বিল দিতে হয়। তাই স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লালমাটিয়ারটি শব্দদূষণের কারণে বোতল প্ল্যান্টে নেওয়া হচ্ছে। যদিও সেখানে আগে থেকেই একটা চালু আছে।