৬ বছর পর আবার সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ছয় বছর পর আবার চট্টগ্রাম গণহত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিনের আদালতে সাক্ষ্য দেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন। আদালত আগামী ২৬ জুন পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রাখেন।
১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামের লালদীঘি ময়দানে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জনসভা বানচাল করতে পুলিশের গুলিতে ২৪ জন নেতা-কর্মী নিহত হন। এ ঘটনা চট্টগ্রাম গণহত্যা নামে পরিচিত। গত জানুয়ারি মাসে মামলাটি বিচারের জন্য প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত থেকে বিভাগীয় বিশেষ জজ আদালতে স্থানান্তর করা হয়।
সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, অধ্যাপক অনুপম সেন আদালতকে জানান, আইনজীবীদের সঙ্গে বৈঠক ও লালদীঘি মাঠে ডাকা সমাবেশে যোগ দিতে সেদিন তিনিও শেখ হাসিনার সঙ্গে ট্রাকে করে আদালত ভবনে আসছিলেন। কিন্তু পুরাতন বাংলাদেশ ব্যাংকের সামনে পুলিশ নির্বিচারে গুলি করলে ২৪ জন নিহত হন। আহত হন শত শত লোক। অনেককে মৃত্যুযন্ত্রণায় কাতরাতে দেখেছেন তিনি। পুলিশ লাশ স্বজনদের নিতে দেয়নি। ধর্মবর্ণ-নির্বিশেষে সব লাশ শ্মশানে নিয়ে পুড়িয়ে ফেলা হয়। সেদিন সৌভাগ্যক্রমে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারি কৌঁসুলি বলেন, ২০০৯ সালের ১০ আগস্ট এই মামলায় সর্বশেষ সাক্ষ্য গ্রহণ হয়েছিল। এরপর আর কোনো সাক্ষী হাজির হননি।