৬ বছরে দেশের ৫৭ লাখ মানুষ বাস্তুচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক দুর্যোগের কারণে ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশের মোট ৫৭ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বাস্তুচ্যুত হওয়া মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। এ তালিকায় শীর্ষে রয়েছে চীন। এরপর পর্যায়ক্রমে রয়েছে ভারত, ফিলিপাইন, পাকিস্তান ও নাইজেরিয়া।
ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার ও নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের ২০১৫ সালের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় ‘গ্লোবাল এস্টিমেট ২০১৫—দুর্যোগের কারণে মানুষের বাস্তুচ্যুতি’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালে বিশ্বের ১ কোটি ৯৩ লাখ মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছে। আর গত ছয় বছরে মোট বাস্তুচ্যুত হওয়া মানুষের সংখ্যা ২ কোটি ৬৪ লাখ। অর্থাৎ প্রতি সেকেন্ডে একজন করে মানুষ তার বসতভিটা থেকে অন্যত্র চলে যাচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশে মূলত ঘূর্ণিঝড় আইলার কারণে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেড়িবাঁধ ভেঙে যায়। এতে ৮ লাখ ৪২ হাজার মানুষ প্রাথমিকভাবে বাস্তুচ্যুত হয়ে পড়ে। পরবর্তী সময়ে বেড়িবাঁধ সময়মতো মেরামত না করায় বাস্তুচ্যুতির সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে। আইলার পরবর্তী প্রভাব হিসেবে ২০১৩ সালে বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ বাস্তুচ্যুত হয়।
প্রতিবেদনটিতে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছয়টি এলাকার মানুষ সবচেয়ে বেশি বাস্তুচ্যুত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে খুলনার দাকোপ, কয়রা ও বটিয়াঘাটা, সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি এবং বাগেরহাটের মংলা উপজেলা। এসব এলাকার মানুষ ঘূর্ণিঝড়ে সব হারিয়ে দেশের অন্যত্র চলে গেছে। বাস্তুহারা এই মানুষগুলোর বেশির ভাগই আশ্রয় নিয়েছে ঢাকা, চট্টগ্রাম ও যশোর জেলায়। অনেকে সীমান্ত পাড়ি দিয়ে ভারতেও আশ্রয় নিয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তুচ্যুত হয়ে যারা অন্যত্র গেছে, তারা আগের চেয়ে খারাপ অবস্থায় রয়েছে। বাস্তুচ্যুত পরিবারগুলোর মাসিক আয় কমে গেছে। যেখানে দেশের গড় আয় ১ হাজার ১০০ ডলারের বেশি, সেখানে বাস্তুচ্যুত পরিবারগুলোর মাসিক আয় এক হাজার ডলারের চেয়েও কম। সরকার থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য সহায়তা দেওয়া হলেও তা যথেষ্ট না হওয়ায় বেশির ভাগ বাস্তুচ্যুত মানুষ আর আগের বসতিতে ফিরতে পারেনি।