৬ বছরে ১৬ নির্বাহী প্রকৌশলীর বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গাইবান্ধা বিতরণ বিভাগে গত ছয় বছরে ১৬ জন নির্বাহী প্রকৌশলী বদলি হয়েছেন। এতে প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে।
গাইবান্ধা বিতরণ বিভাগ সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি থেকে গতকাল রোববার (২৭ মার্চ) পর্যন্ত ছয় বছর এক মাস ২৩ দিনে গাইবান্ধা বিতরণ বিভাগের ১৬ জন নির্বাহী প্রকৌশলী বদলি হন। এখানে ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগ দেন দীনেশ চন্দ্র মিস্ত্রী। তিনি এক মাস ২৭ দিন দায়িত্ব পালনের পর বদলি হন। এভাবে নির্বাহী প্রকৌশলী সেকেন্দার আলী সাত মাস ২ দিন, আহসানুল কবির চার মাস ১১ দিন, ওয়াহেদুজ্জামান মাত্র ৩ দিন, উজ্জল বড়ুয়া ২১ দিন, হাসনাথ জামান ২৬ দিন, জিয়াউল ইসলাম পাঁচ মাস, হেলাল আফজাল ২৮ দিন, প্রসেনজিৎ চক্রবর্তী পাঁচ মাস ২৯ দিন, লিয়াকত আলী ১৩ দিন, প্রসেনজিৎ চক্রবর্তী এক মাস ২৯ দিন, দেলোয়ার হোসেন এক মাস ২৩ দিন, আনোয়ারুল ইসলাম এক বছর ছয় মাস ১৮ দিন, সুকুমার লাল সরকার সাত মাস ২ দিন, বিদ্যুৎ কুমার মহন্ত ১৩ দিন ও সর্বশেষ জুলকার নাইন এক বছর চার মাস ২৩ দিন দায়িত্ব পালনের পর ২৪ মার্চ বদলি হন।
নাম প্রকাশে অনিচ্ছুক গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের এক কর্মকর্তা বলেন, সরকারি চাকরিবিধি অনুযায়ী এক কর্মকর্তা একই কর্মস্থলে তিন বছর পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন। সে ক্ষেত্রে ঘন ঘন বদলি প্রশাসনিক কাজ ব্যাহত হয়।
সর্বশেষ বদলি হওয়া নির্বাহী প্রকৌশলী জুলকার নাইন গতকাল প্রথম আলোকে বলেন, দুই গ্রুপে বিভক্ত এখানকার কিছু সিবিএ নেতা ২০ থেকে ২৩ বছর পর্যন্ত টানা চাকরি করছেন। তাঁরা নানা অনিয়মের সঙ্গেও জড়িত। তাঁদের দৌরাত্ম্যে নির্বাহী প্রকৌশলীরা তদবির করে বদলি হয়ে যান। তিনি দাবি করেন, ‘অনিয়ম-দুর্নীতির কারণে আলাউদ্দিন সমর্থিত জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ জেলা শাখার সভাপতি ফিরোজ কবিরকে গত ২ ফেব্রুয়ারি বরখাস্ত করা হয়। বর্তমানে তিনি দুটি মামলায় কারাগারে রয়েছেন। এ ছাড়া গত ১৮ ফেব্রুয়ারি ১১ জন সিবিএ নেতাকে একযোগে বদলি করে বিদ্যুৎ বোর্ড। এ কারণে তাঁরা তদবির করে আমাকে বদলি করান।’
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক সিবিএ নেতা বলেন, দীর্ঘদিন ধরে এই বিতরণ বিভাগে যে পরিমাণ বিদ্যুৎ সরবরাহ হয়, সেই হারে রাজস্ব আদায় হয় না। এ ছাড়া খোলা তারে বিদ্যুৎ লাইন নির্মাণ, মিটার ছাড়াই সেচপাম্প চালানো ও বিদ্যুৎ চুরির ঘটনা বেশি। এসব কারণে গাইবান্ধা বিতরণ বিভাগের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নেতিবাচক ধারণা রয়েছে। তাই কোনো নির্বাহী প্রকৌশলীকে দায়িত্ব দেওয়ার পরই তিনি বদলির জন্য তদবির শুরু করেন। সিবিএ নেতাদের ওপর দোষ চাপানো ঠিক নয়।
আলাউদ্দিন সমর্থিত জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, ‘নির্বাহী প্রকৌশলীরা এখানে কেন বেশি দিন থাকেন না, সেটা আমার জানা নেই। তবে আমরা অনিয়মের সঙ্গে জড়িত নই।’ জহিরুল ইসলাম চৌধুরী সমর্থিত জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ জেলা শাখার সভাপতি জাকারিয়া আলম খান বলেন, অনুন্নত যোগাযোগব্যবস্থা ও দূরত্বের কারণে এখানে কোনো নির্বাহী প্রকৌশলী থাকতে চান না। তাঁদের বদলির জন্য সিবিএ নেতা-কর্মীরা দায়ী নন।