৬ মার্চ জাতীয় ক্যারিয়ার ফেয়ার

গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিআইইউ প্রথম জাতীয় ক্যারিয়ার ফেয়ার-২০১৪’। ৬ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলার ক্যারিয়ার পার্টনার হিসেবে থাকবে প্রথম আলো জবস।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উদ্যোগে আয়োজিত এ মেলায় চাকরি নিয়োগ-দাতা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ থাকবে বলে জানিয়েছেন আয়োজকেরা। মেলা উপলক্ষে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তাঁরা এসব তথ্য জানান।
আয়োজকেরা বলেন, এই মেলায় চাকরিপ্রার্থীদের জন্য ভালো সুযোগ তৈরি হবে; একই সঙ্গে চাকরিদাতারাও উপযুক্ত প্রার্থী বেছে নিতে পারবেন।
এ মেলায় ১০ হাজারের বেশি গ্র্যাজুয়েট, শতাধিক করপোরেট অফিস, ২০টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, ১২৫টি স্টল ও প্যাভিলিয়ন অংশগ্রহণ করবে। মেলা সকাল নয়টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মেলার আহ্বায়ক অধ্যাপক জাকির হোসেন, ডিআইইউ ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের কো-অর্ডিনেটর সৈয়দ মারুফ রেজা, বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সভাপতি মো. মোশাররফ হোসেন, প্রথম আলো জবসের হেড অব অপারেশনস হোমায়রা শারমিন।
ক্যারিয়ার পার্টনার হিসেবে এই মেলার যেকোনো পেশাগত সমস্যার পরামর্শক হিসেবে ‘ক্যারিয়ার ক্লিনিক’-এর আয়োজন করতে যাচ্ছে প্রথম আলো জবস (www.prothom-alojobs.com)।
ক্যারিয়ার মেলার কৌশলগত সহযোগী হিসেবে আছে বিএসএইচআরএম, মিডিয়া পার্টনার দ্য ডেইলি স্টার ও রেডিও পার্টনার এবিসি রেডিও।