৬ মাসে আনোয়ারায় কুকুরের কামড়ে অর্ধ শতাধিক আক্রান্ত
গত ছয় মাসে চট্টগ্রামের আনোয়ারার বিভিন্ন গ্রামে অর্ধশতাধিক মানুষ পাগলা কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছে। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারিভাবে ভ্যাকসিন সরবরাহ না থাকায় চট্টগ্রাম শহরে গিয়ে চিকিৎসা নিতে হয়েছে তাদের। এতে করে দুর্ভোগে পড়ছে আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবার।
সর্বশেষ গত সোমবার উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী গ্রামে পাগলা কুকুরের কামড়ে তিনজন আহত হয়ে আনোয়ারা কমপ্লেক্সে ভর্তি হলেও কর্তৃপক্ষ তাদের প্রাথমিক চিকিৎসা ছাড়া কিছু দিতে পারেনি। সূত্র আরও জানায়, কুকুরের কামড়ে আক্রান্ত রোগীদের ৪০০ থেকে ৫০০ টাকার পাঁচটি টিকা নিতে হয়। আর এসব টিকা তাদের চট্টগ্রাম শহর থেকে কিনতে হয়। এ কারণে ভোগান্তিতে পড়ে তারা।
উপজেলার রায়পুর ইউনিয়নের পশ্চিম গহিরার বাসিন্দা আহমদ নুর (৪৩) বলেন, ‘চার মাস আগে আমার ছেলেকে কুকুরে কামড়ায়। চট্টগ্রাম শহর থেকে টিকা এনে ছেলেকে চিকিৎসা করাচ্ছি। আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা পেলে খরচ ও কষ্ট দুটোই কমে যেত।’ আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা জামাল বলেন, ‘আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সরকারিভাবে উপজেলা কমপ্লেক্সে টিকা সরবরাহ করা গেলেও রোগীদের দুর্ভোগ কমে যেত।’