৬ মাসে টেলিটকে 'দৃশ্যমান' পরিবর্তন: তারানা
সরকারি মোবাইল অপারেটর টেলিটকের কার্যক্রমে আগামী ছয় মাসে ‘দৃশ্যমান’ পরিবর্তন আনার কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করে প্রতিষ্ঠানটির কাজে গতি আনতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি কাজ করছে বলেও জানান তিনি।
সচিবালয়ে আজ মঙ্গলবার টেলিযোগাযোগ প্রতিবেদকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) নতুন কমিটির নেতা ও সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ সব কথা বলেন তারানা হালিম।
আঙুলের ছাপ পদ্ধতিতে চলমান সিম নিবন্ধনের অগ্রগতি নিয়েও কথা বলেন তারানা হালিম। এ ক্ষেত্রে মোবাইল অপারেটররা শতভাগ সহযোগিতা করছে না বলে অভিযোগ করে তিনি বলেন, ‘মোবাইল অপারেটররা যদি শতভাগ সহযোগিতা করত তাহলে মাঠপর্যায়ের চিত্র অন্যরকম হতো। পুরোনো সিমের নিবন্ধনের বিষয়ে ইতিমধ্যে আমার ফেসবুক পেজে ৪০০ টির মতো অভিযোগ এসেছে। এসব নিয়ে আগামী বৃহস্পতিবার মোবাইল অপারেটরের প্রধান নির্বাহীদের সঙ্গে বসব।’
টেলিটক প্রসঙ্গে তারানা হালিম বলেন, ‘টেলিটকের বিরুদ্ধে আনা সব অভিযোগের তদন্ত চলছে। আগামী ছয় মাসের মধ্যে এর কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা করছি। অবস্থার উন্নতি না হলে টেলিটকের শীর্ষ ব্যবস্থাপনাতেও প্রয়োজনে পরিবর্তন আনা হবে।’
এ ছাড়া মোবাইল হ্যান্ডসেটের নিবন্ধন, নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের সুবিধা চালুসহ (এমএনপি) খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যক্রম নিয়ে কথা বলেন মন্ত্রী।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী, টিআরএনবি সভাপতি রাশেদ মেহেদী, সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।