চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) সারা দেশে রাজনৈতিক সহিংসতায় ১১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ হাজারেরও বেশি।
গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো আইন ও সালিশ কেন্দ্রের (আসক) মানবাধিকার লঙ্ঘনের সংখ্যাগত প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ ও আসকের নিজস্ব সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয় বলে প্রতিবেদনে বলা হয়।
প্রতিবেদনে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ছয় মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে বা কথিত ক্রসফায়ারে ৯৪ জন মারা গেছেন। এঁদের মধ্যে র্যাবের ক্রসফায়ারে ২৭ জন ও পুলিশের ক্রসফায়ারে ৩৯ জন নিহত হন। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ অনুযায়ী, এই ছয় মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা অপহরণ ও গুমের শিকার হয়েছেন ৭৪ জন। এঁদের মধ্যে পরে ২৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
এই সময়কালে বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ৭১৯টি বাসস্থান, ১৯২টি ব্যবসাপ্রতিষ্ঠান, ১৬৪টি প্রতিমা, পূজামণ্ডপ ও মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় একজন নিহত ও ১৮৯ জন আহত হন।
এই সময়কালে সীমান্তে ভারতীয় নিরাপত্তারক্ষীদের (বিএসএফ) গুলিতে আটজন ও নির্যাতনে চারজন বাংলাদেশি নিহত ও ২৫ জন আহত হন। অপহরণের শিকার হন ৫৩ জন।
এই ছয় মাসে সারা দেশে তিনজন সাংবাদিক মারা গেছেন। আহত হয়েছেন ১৩০ জন সাংবাদিক।
আসকের প্রতিবেদনে বলা হয়, গত ছয় মাসে দেশে অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়েছেন ২০ জন নারী। যৌন হয়রানির শিকার হয়ে চারজন নারী আত্মহত্যা করেছেন। যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে তিনজন পুরুষ ও দুজন নারী নিহত হয়েছেন।