৬ মাসের মধ্যে নতুন ভবন হস্তান্তরের আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ছয় মাসের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিত্যক্ত বহুতল ভবনের কাজ সম্পন্ন করে হাসপাতালের কাজে ব্যবহার করার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ ছাড়া দক্ষিণাঞ্চলের পুরোনো এই হাসপাতালের সব সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেন তিনি।

গতকাল রোববার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্র (আইসিইউ) বিভাগের উদ্বোধন করতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী ওই আশ্বাস দেন।

বেলা একটায় ১০ শয্যার আইসিইউ বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে স্বাস্থ্যসেবা উন্নয়ন কমিটির সঙ্গে মতবিনিময় এবং বিভাগীয় চিকিৎসক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী।

সাত বছর ধরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনের পাশে ৫০০ শয্যার হাসপাতাল ভবন নির্মাণাধীন অবস্থায় পড়ে আছে। গতকাল প্রথম আলোয় ৫০০ শয্যার ‘পরিত্যক্ত’ ভবন চালুর দাবি শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ছয় মাসের মধ্যে অসমাপ্ত কাজ সমাপ্ত করে এটি ব্যবহার উপযোগী করে দেওয়া হবে।

স্বাস্থ্যসেবা উন্নয়ন কমিটির সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং মেডিকেল কলেজের বিভিন্ন সমস্যা তুলে ধরেন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. সিরাজুল ইসলাম।

মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বরিশালের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নকাজ করব। সেই অনুযায়ী একটি তালিকা প্রস্তুত করে সঙ্গে এনেছি। এখন তালিকা অনুযায়ী কাজ শুরু হবে। বর্তমানে নার্সদের সমস্যা নেই। কিন্তু চিকিৎসকদের সমস্যা আছে। ভবিষ্যতে ৫০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা আছে। এ ছাড়া ৪০ হাজার জনবল নিয়োগ করা হবে। তবে উন্নয়নকাজ করার জন্য এই তিন বছর কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে।’

চিকিৎসক ও শিক্ষকদের উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘আমরা নতুন ভবন দিতে পারব, যন্ত্রপাতি দিতে পারব। কিন্তু সেবা যদি না করেন, তাহলে এসব অর্থহীন হয়ে যাবে। রোগীদের আপনারা ভাইবোন আত্মীয়স্বজন মনে করে সেবা দেবেন। এটা মনে করেই সেবা দিতে হবে। আর এখানে যাতে দুর্নীতি কিংবা অন্যায় না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। আমরা চাই রোগীদের সেবা দিয়ে স্বচ্ছভাবে সবাই কাজ করবেন। জনগণের সেবা নিশ্চিত হলে আমরা আরও উন্নয়ন করে দেব।’

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা উন্নয়ন কমিটির সভাপতি সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ তালুকদার মো. ইউনুস, সদর আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ, বরিশাল-৩ আসনের সাংসদ শেখ টিপু সুলতান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, বিএমএ কেন্দ্রীয় সভাপতি মোস্তফা জামাল মহিউদ্দিন, মহাসচিব এহতেশাম উল হক চৌধুরী, বরিশাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ভাস্কর সাহা প্রমুখ। পরে মন্ত্রী বিভাগীয় চিকিৎসক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।