৬ মাসের মধ্যে ভোলাকে মাদকমুক্ত করার অঙ্গীকার
ভোলার প্রধান সমস্যা মাদক। মেঘনা ও তেঁতুলিয়া নদী দিয়ে মাদক পাচার হচ্ছে। সেই মাদকে ভোলার শহর-গ্রাম সয়লাব হচ্ছে। গত বৃহস্পতিবার ভোলা পুলিশ লাইনস মিলনায়তনে পুলিশ আয়োজিত সুধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
একই দিন বিকেল ও রাতে পুলিশ সদস্যদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সমাবেশে জেলা পুলিশ সুপার মো. মোকতার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ পারভীন আখতার, জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, জেলা পরিষদের সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ।
সমাবেশে উপস্থিত বরিশাল বিভাগের ডিআইজি শেখ মুহাম্মদ মারুফ হাসান বলেন, ‘ভোলার প্রধান সমস্যা মাদক। খবর পেয়েছি পুলিশের কিছু পথভ্রষ্ট সদস্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত। যদি প্রমাণ হয়, তাঁর বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, কোনো তদবির চলবে না। আমি আজ ভোলাকে মাদকমুক্ত ঘোষণা দিতে চাই। আগামী ছয় মাসের মধ্যে ভোলাকে মাদকমুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করব।’