৬ মাসের মধ্যে রায়ে সই করতে হবে বিচারকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারকদের জন্য পালনীয় ৪০-দফা আচরণবিধি উল্লেখ করে দেশের সর্বোচ্চ আদালত এক রায়ে বলেছেন, রায় বা আদেশ দেওয়ার ক্ষেত্রে বিচারকেরা অহেতুক দেরি করতে পারবেন না। ব্যতিক্রমী মামলা ছাড়া আদালতে রায় ঘোষণার ছয় মাসের মধ্যে বিচারককে পূর্ণাঙ্গ রায়ে সই করতে হবে।

হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি সৈয়দ শাহিদুর রহমানকে অপসারণ করে রাষ্ট্রপতির আদেশ বহাল রেখে গত বছরের ১৬ সেপ্টেম্বর আপিল বিভাগ যে রায় দিয়েছিলেন, তার পূর্ণাঙ্গ রায়ে এই ৪০-দফা আচরণবিধি উল্লেখ করা হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গত ৩১ মার্চ পূর্ণাঙ্গ রায়ে সই করেন।

২০০৩ সালের অক্টোবরে আইনজীবীদের এক সমাবেশে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তৎকালীন সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি সৈয়দ শাহিদুর রহমানের বিরুদ্ধে পেশাগত অসদাচরণের অভিযোগ করেন। শাহিদুর রহমানের বিরুদ্ধে অর্থের বিনিময়ে জামিন পাইয়ে দেওয়ার আশ্বাসের অভিযোগ ছিল। পরে এ অভিযোগ তদন্ত করেন তৎকালীন প্রধান বিচারপতি কে এম হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তদন্ত শেষে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল শাহিদুর রহমানকে অপসারণের সুপারিশ করে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে প্রতিবেদন দেয়।

কাউন্সিলের ওই সুপারিশের ভিত্তিতে ২০০৪ সালের ২০ এপ্রিল তৎকালীন রাষ্ট্রপতি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতির পদ থেকে শাহিদুর রহমানকে অপসারণের আদেশ দেন। ওই দিন তাঁকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে রাষ্ট্রপতির আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান শাহিদুর রহমান। ২০০৫ সালের ২ ফেব্রুয়ারি শাহিদুরের অপসারণের আদেশ অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট।

এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইদ্রিসুর রহমান। আপিল বিভাগে আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন। শাহিদুর রহমান নিজের পক্ষে শুনানি করেন। গত বছরের ১৬ সেপ্টেম্বর হাইকোর্টের রায় বাতিল করে দিয়ে রাষ্ট্রপতির আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।

পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ বলেছেন, একজন বিচারকের আচরণ এমন উচ্চ মানের হতে হবে যাতে বিচার বিভাগের স্বাধীনতা ও একাগ্রতা সমুন্নত থাকে। রায়ে প্রভাব ফেলতে পারে, এমন কোনো পারিবারিক, সামাজিক বা অন্য ধরনের সম্পর্ক বজায় রাখা বিচারকের উচিত নয়। ব্যক্তিগত স্বার্থের জন্য একজন বিচারক তাঁর পদ ব্যবহার করতে পারেন না। তেমনি অন্য কোনো ব্যক্তি তাঁর সম্পর্কের সুযোগ নিয়ে একজন বিচারককে প্রভাবিত করবে, সেটাও ওই বিচারক হতে দিতে পারেন না।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ১০৩ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায়টি লিখেছেন। তাঁর সঙ্গে একমত পোষণ করেছেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।