৬ মে সারা দেশে ১৮ দলীয় জোটের প্রতিবাদ সমাবেশ
বিএনপির নেতা এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনা এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে মামলা দেওয়ার প্রতিবাদে ৬ মে রাজধানীসহ সারা দেশে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। ওই দিন ‘হরতালের চেয়েও কঠোর কর্মসূচি’ দেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন বিএনপির নেতা মওদুদ আহমদ।গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে মওদুদ আহমদ এই ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘রেলের ঘুষ কেলেঙ্কারি ধামাচাপা দেওয়ার জন্য সরকারের এজেন্টরা ইলিয়াস আলীকে গুম করেছে। ইলিয়াস আলীকে অবিলম্বে ফিরিয়ে দিন, নইলে পদত্যাগ করুন; এর কোনো বিকল্প নেই।’ তিনি বলেন, যত দিন সরকার ইলিয়াস আলীকে ফিরিয়ে না দেবে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সম্মত না হবে, তত দিন আন্দোলন চলবে।মওদুদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ অনেক নেতার বিরুদ্ধে ভিত্তিহীন, ভুয়া মামলা দিয়েছে সরকার। সরকার বিরোধী দলের আন্দোলনে ভয় পেয়ে মনে করেছে, মামলা দিলে বোধহয় আন্দোলন স্তিমিত হয়ে যাবে। কিন্তু এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে দেওয়া দুটি মামলাই মিথ্যা। এফআইআরের সঙ্গে ঘটনার মিল নেই। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বাসে আগুন দিতে বিএনপির মহাসচিব যাবেন—এ কথা কেউ বিশ্বাস করে না। তিনি দাবি করেন, বিএনপির কোনো নেতা নন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাঁরই কেনো লোক এ ঘটনা ঘটিয়েছে। আর ভয় দেখানোর জন্য সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গায় বিএনপির নেতারা যেতে পারেন না।নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ সরকার যখনই জনপ্রিয়তা হারায়, তখনই তারা হত্যা, গুম শুরু করে। এখন আর পেছনে ফেরার কোনো অবকাশ নেই। জান বাজি রেখে এগিয়ে যেতে হবে।জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সরকারের এক মন্ত্রী বলেছেন যে তিনি স্বামী হারানোর ব্যথা বোঝেন। তিনি প্রশ্ন করেন, ইলিয়াস আলীর স্ত্রী যে বিধবা হয়েছেন, তা তিনি জানলেন কী করে? সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ইলিয়াসের স্ত্রীর শেষ ঠিকানা শেখ হাসিনা। এর মানে ইলিয়াস আলী সরকারের কাছেই আছে।ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী বলেন, অনেকে বলেন যে হরতালে ক্ষতি হয়। কিন্তু এর চেয়ে বেশি ক্ষতি হয় আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে।সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির নেতা আবদুল মঈন খান, আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, জামায়াতের সাংসদ হামিদুর রহমান আযাদ, বিজেপির মহাসচিব শামীম আল মামুন প্রমুখ বক্তব্য দেন।