মেঘনা নদীর কিশোরগঞ্জের ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-লাগোয়া মোহনায় মৎস্যবাহী ট্রলারে ডাকাতি হয়েছে। ডাকাতদল ট্রলার থেকে দুই লাখ টাকার মাছ লুট করে নিয়ে গেছে। একই সঙ্গে ছয়জন মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে।গত রোববার রাতে কিশোরগঞ্জের মিঠামইন থেকে ছেড়ে আসা বিল্লাল মাঝির মাছের ট্রলারে এই ডাকাতির ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী বাদল মিয়া, মকবুল মিয়া, আনু হোসেন, ফারুক মিয়া, আজিজুর মিয়া ও রফিকুল ইসলামকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা মিঠামইন উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। ট্রলারে থাকা মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভৈরব নৈশ মৎস্য আড়তে বিক্রির জন্য মিঠামইন থেকে চিংড়িসহ বিভিন্ন জাতের মাছ নিয়ে আসছিলেন তাঁরা। সন্ধ্যায় ট্রলারটি সরাইল উপজেলার পানিরস্বর এলাকায় আসামাত্র দুটি ট্রলার দিয়ে এসে আক্রমণ করে ডাকাতেরা। পরে তাঁদের জিম্মি করে একটি চরে নিয়ে যায়। সেখান থেকে ৭০ হাজার টাকা ও দুই লাখ টাকা মূল্যের মাছ অন্য একটি ট্রলারে করে নিয়ে চলে যায় ডাকাতেরা।