৬ লাখ কর্মসংস্থান নিয়ে বিবিএসের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবার প্রথম আলোয় প্রকাশিত ‘দুই বছরে কর্মসংস্থান মাত্র ৬ লাখ’ এ শিরোনামের খবরের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

গতকাল শনিবার পাঠানো ব্যাখ্যায় বিবিএস বলেছে, ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত সময়ে ৩৩ লাখ লোক এখন আর বিনা মজুরির কাজে নেই। তাই বলা যায়, ৩৩ লাখ লোক মজুরি আছে এমন কাজে যুক্ত হয়েছেন। তাই নতুন কর্মসংস্থানের ৬ লাখসহ সব মিলিয়ে ৩৯ লাখ লোক মজুরি আছে এমন কাজে এসেছেন, যা অর্থনীতির ক্রমবর্ধমান অগ্রগতি এবং জিডিপি প্রবৃদ্ধির সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ। যেহেতু এত দিন বিনা মজুরিতে নিয়োজিতদের ৭৫ শতাংশ নারী ছিল, তাই মজুরির কাজে রূপান্তর অর্থনীতিতে নারীর অংশগ্রহণ ও তাঁদের ক্ষমতা অত্যন্ত সুদৃঢ় হচ্ছে।

বিবিএস আরও বলছে, প্রতিবেদনে মজুরির বিনিময়ে কাজ করেন ২ কোটি ৮০ লাখ বলে উল্লেখ আছে। কিন্তু এর বাইরে ২ কোটি ৬৭ লাখ স্বনিয়োজিত এবং ১৭ লাখ স্বনিয়োজিত কর্মদাতা। অর্থাৎ আরও ২ কোটি ৮৪ লাখ কর্মে নিয়োজিত লোক সরাসরি আয় করছেন। অর্থাৎ সব মিলিয়ে ১২ দশমিক ৪ শতাংশ বিনা বেতনে বা সরাসরি উপার্জন ব্যতীত কাজ করছে। ২০১০ ও ২০১৩ সালে এ হার ছিল যথাক্রমে ১৯ দশমিক ৬ শতাংশ ও ১৮ দশমিক ২ শতাংশ।

বিবিএস আরও বলছে, ২০১৫ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ে জরিপটি করা হয়েছে। সাধারণত জুলাই-আগস্ট মাস কৃষিক্ষেত্রে মন্দা মৌসুম হিসেবে বিবেচিত হয়। এর প্রভাবে কৃষিক্ষেত্রে কর্মসংস্থান স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হয়। অপরদিকে অক্টোবর-ডিসেম্বরের দিকে কৃষি খাতে কর্মকাণ্ড ব্যাপকতর হয়। ফলে কৃষিভিত্তিক বাংলাদেশে কর্মে নিয়োজিত লোকের সংখ্যা বেশি হবে বলে ধারণা করা যায়, যা ত্রৈমাসিক ভিত্তিতে করা পরবর্তী জরিপে পরিলক্ষিত হবে।

 প্রতিবেদকের বক্তব্য: বিবিএসের জরিপ থেকে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে বস্তুনিষ্ঠভাবে প্রতিবেদনটি করা হয়েছে। রিপোর্টে সংশ্লিষ্ট সবার বক্তব্যও রয়েছে।