৬ শতাংশ জমির জন্য আটকে আছে নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজীনগর ইপিজেডে (বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ—বেপজার একটি ইপিজেড) ৬ শতাংশ জমির জন্য প্রায় সাত মাস ধরে আটকে আছে সিদ্ধিরগঞ্জ থানার ভবন নির্মাণকাজ। ওই ৬ শতাংশ জমির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেপজাকে কয়েক দফা চিঠি দেওয়া হলেও এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে থানার ভবন নির্মাণের জন্য বরাদ্দ ৪ কোটি ৬৩ লাখ টাকা পড়ে আছে।
এদিকে আট বছর ধরে সুমিলপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় ও কমিউনিটি সেন্টার (বর্তমানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন) ভাড়া নিয়ে সেখানে থানার কার্যক্রম চালানো হচ্ছে। ভাড়া ভবনে শতাধিক পুলিশ সদস্যকে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। ইতিমধ্যে ভবনটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।
পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন বলেন, নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ সিদ্ধিরগঞ্জ থানার নিজস্ব ভবন নেই। পুলিশের এতগুলো সদস্য জরাজীর্ণ, স্যাঁতসেঁতে ও ঝুঁকিপূর্ণ পরিবেশে একটি ৮০০ বর্গফুট ভাড়া ভবনে কাজ করছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফত উল্লাহ বলেন, ভাড়া ওই ভবনে জায়গা না হওয়ায় পাশের একটি আধা পাকা ঘরও ভাড়া নেওয়া হয়েছে। জায়গার স্বল্পতার কারণে কোনো মালখানা করা যায়নি। নষ্ট হয়ে যাচ্ছে অনেক মামলার আলামত। থানা ভবনের সামনে জায়গা না থাকায় যানবাহন জব্দ করার পর তা সড়কের ওপর রাখা হচ্ছে।
এদিকে সিদ্ধিরগঞ্জ থানা ভবন নির্মাণের জন্য আদমজীনগর ইপিজেড (বেপজা) সিদ্ধিরগঞ্জ মৌজায় এক একর জায়গা বরাদ্দ দেয়। ওই এক একর জায়গার সম্মুখভাগে সড়ক-সংলগ্ন অংশে বেপজার ৬ শতাংশ ও ব্যক্তিমালিকানাধীন ৫ শতাংশ জায়গা রয়েছে। পরে ব্যক্তিমালিকানার ওই ৫ শতাংশ জায়গা থানার জন্য অধিগ্রহণ করা হয়। বাকি ৬ শতাংশ জমি থানার জন্য বরাদ্দ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর থেকে কয়েক দফা বেপজার চেয়ারম্যান বরাবর চিঠি পাঠানো হয়।
এদিকে গত ২৬ জানুয়ারি বেপজা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে সিদ্ধিরগঞ্জ থানা ভবনের প্রবেশের জন্য ৮৫১২ নম্বর দাগের ৬ শতাংশ জমি সিদ্ধিরগঞ্জ থানাকে প্রদান এবং ইতিপূর্বে ওই থানার জন্য বরাদ্দ করা এক একর জায়গা থেকে পূর্বদিকে ৬ শতাংশ জমি বেপজাকে ফেরত প্রদানের প্রয়োজনীয় কার্যক্রমের জন্য অনুরোধ জানায়।
বেপজার মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর বলেন, ‘জনগণের সুবিধার্থে রাস্তা বড় করার জন্য পুলিশের পক্ষ থেকে যে ৬ শতাংশ চাওয়া হয়েছে, সেটির প্রক্রিয়া চলছে। আমরা আশা করছি, ইতিবাচক কিছু হবে।’