৬ শতাংশের নিচে প্রবৃদ্ধি হবে এবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বব্যাংকের প্রতিবেদন
বিশ্বব্যাংকের প্রতিবেদন

চলতি ২০১৩-১৪ অর্থবছরে দেশে ৫ দশমিক ৭ শতাংশ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জিত হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থা বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, অভ্যন্তরীণ নানা সংকটের কারণেই প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার চেয়ে কম হবে।
রাজধানীর শেরেবাংলা নগরে সংস্থাটির নিজস্ব কার্যালয়ে গতকাল বুধবার দুপুরে আয়োজিত ‘বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি’ বিষয়ক এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনটি উপস্থাপন করেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। এতে বক্তব্য দেন সংস্থাটির বাংলাদেশ-প্রধান ইউহা নেস জাট। এ সময় বিশ্বব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
জাতীয় বাজেটে সরকার চলতি অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে বিশ্বব্যাংকের অভিমত, বছর শেষে প্রবৃদ্ধির এই লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। এর আগে অপর দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বছর শেষে ৫ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের পূর্বাভাস দিয়েছে।
প্রবৃদ্ধি কমে যাওয়ার কারণ সম্পর্কে বিশ্বব্যাংক বলছে, এটি মূলত নির্ভর করছে অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং সংস্কার কার্যক্রমের অগ্রগতির ওপর। পাশাপাশি এ বছর বিরাজমান রাজনৈতিক সংকট প্রবৃদ্ধি অর্জনকে বাধাগ্রস্ত করবে। যদি রাজনৈতিক সংকটের একটি শান্তিপূর্ণ সমাধান হয়ে যায় তাহলে বিনিয়োগ, সংস্কার কার্যক্রম, প্রবৃদ্ধি সবগুলোর পুনরুদ্ধার দেখা যাবে।

তৈরি পোশাক খাতের সংকট, প্রবাসী-আয় কমার ঝুঁকি ও রাজনৈতিক অস্থিতিশীলতা শিল্প এবং সেবা খাতের প্রবৃদ্ধিকে শ্লথ করার পাশাপাশি জাতীয় প্রবৃদ্ধি কমিয়ে দেবে বলে মনে করছে বিশ্বব্যাংক। সংস্থাটি আরও বলছে, অভ্যন্তরীণ কারণে মূল্যস্ফীতি আবারও বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় যদি কোনো ধরনের অসুবিধা হয়, তাহলে শহরাঞ্চলে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া নির্বাচনের কারণে রাজস্ব নীতি বাস্তবায়নে চাপ তৈরি হতে পারে। পাশাপাশি আর্থিক খাতের সুশাসনের অভাব, জনশক্তি রপ্তানি কমে যাওয়ার ঝুঁকিও রয়েছে।

অন্যদিকে, বৈদেশিক মুদ্রার বর্তমান মজুতকে সন্তোষজনক বলে অভিহিত করে বিশ্বব্যাংক বলছে, আন্তর্জাতিক বিভিন্ন সূচকের মাপকাঠিতে এই মজুত এখনো অতিরিক্ত পর্যায়ে পৌঁছায়নি। বিশ্বব্যাংকের মতে, বর্তমানে বৈদেশিক মুদ্রার যে মজুত বা রিজার্ভ রয়েছে, তা দিয়ে চার মাসের কিছু বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো যাবে। আন্তর্জাতিক বিভিন্ন মাপকাঠিতে পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানোর মতো বৈদেশিক মুদ্রার মজুত রাখা যেতে পারে। সেই বিবেচনায় বাংলাদেশের এই মজুত সন্তোষজনক, তবে অতিরিক্ত নয়।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রকৃত বেসরকারি বিনিয়োগের পরিমাণ ১ দশমিক ২ শতাংশ কমেছে। রাজনৈতিক বিশৃঙ্খলা ও অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলেছেন। তবে বেসরকারি বিনিয়োগ মন্দার মধ্যে সরকারি বিনিয়োগ ও প্রকৃত রপ্তানি বৃদ্ধি পেয়েছে। অবকাঠামো, জ্বালানি সমস্যার পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা বিদ্যমান থাকায় বিনিয়োগ পরিবেশের তেমন কোনো উন্নতি হচ্ছে না। এসব বিনিয়োগ প্রতিবন্ধকতার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা।

মূল্যস্ফীতি নিম্নমুখী থাকলেও সেটি নিয়ে খুব বেশি আত্মতুষ্টির সুযোগ নেই বলে মনে করে বিশ্বব্যাংক। তাদের মতে, মূল্যস্ফীতি কমলেও এখনো মূল্য কমেনি। এ ছাড়া বর্তমানে যে মূল্যস্ফীতি রয়েছে, সেটিও কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে বেশি।

আর্থিক খাতের বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশ থেকে কিছু মুদ্রা বিদেশে পাচার হচ্ছে। এ কারণে বাংলাদেশ ব্যাংক কিছুদিন আগে একটি নির্দেশনা জারি করে বলেছে, বিদেশে সম্পদ কেনা এ দেশের আইনে অপরাধ।

প্রতিবেদনে আরও বলা হয়, এখনো ব্যাংকিং খাতে কিছু সমস্যা রয়ে গেছে। এ খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। খেলাপি ঋণ চিহ্নিত করতে নতুন মাপকাঠি নির্ধারণ, বিনিয়োগ দুর্বলতা ও ঋণসংক্রান্ত ফটকাবাজির কারণে এ খাতে খেলাপির পরিমাণ বেড়েছে। আর নেতিবাচক প্রভাব পড়েছে সুদের হারে। ঋণের চাহিদা না থাকার কারণে যে হারে সুদের হার কমে আসার কথা ছিল, সেটি হচ্ছে না। পাশাপাশি শেয়ারবাজারে দুর্বল অবস্থা বিদ্যমান রয়েছে।

রাজনৈতিক সহিংসতা বাড়লে কর আদায় পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। একই সঙ্গে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন বাধাগ্রস্ত হতে পারে বলেও মনে করে সংস্থাটি।

আন্তর্জাতিক অর্থনীতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। উন্নত দেশগুলোতে প্রবৃদ্ধি কমার কোনো পূর্বাভাস এখনো দেখা যাচ্ছে না। ভারতীয় মুদ্রা রুপির মান কমে যাওয়ার কারণে বাংলাদেশে তার খুব বেশি নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করে বিশ্বব্যাংক।

অনুষ্ঠানে আগামী নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিশ্বব্যাংকের বাংলাদেশ-প্রধান জোহানেস জাট বলেন, ‘আমরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করি, যার মাধ্যমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে। এ ক্ষেত্রে নতুন একটি প্রশাসনের দায়িত্ব গ্রহণের জন্য পরিবর্তনের প্রক্রিয়াটি হতে হবে মসৃণ।’ জাহিদ হোসেন বলেন, রাজনৈতিক রূপান্তরকে সামনে রেখে অর্থনীতিতে ঝুঁকির মাত্রা বেড়েছে।