৬ শিবির কর্মী আটক
নগরের কোতোয়ালি থানাধীন বিআরটিসি মোড় এলাকায় ঝটিকা মিছিল বের করলে ছয় শিবিরকর্মীকে আটক করে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে তাদের আটক করা হয়।আটক শিবির কর্মীরা হলেন, সাদ্দাম হোসেন (২১), মো. জাহিদ (২০), মাঈনউদ্দিন (১৮), আরিফুল ইসলাম (২৩), আবদুল্লাহ (২৬) ও আহসানুল করিম (৩০)। নগরের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সুপ্তা দত্ত জানান, দুপুরে কোনো ধরনের অনুমতি ছাড়াই মিছিল বের করায় ছয় জনকে আটক করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।পুলিশ সূত্র জানায়, গত ১৩ মে নগর বিএনপির কার্যালয় নসিমন ভবনসংলগ্ন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের ঘটনায় তিনটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। ওই ঘটনায় আটক করা শিবির কর্মীদের সম্পৃক্ততা আছে কি না তা যাচাই করা হচ্ছে।