৬ সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করেছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদস্যরা গত ডিসেম্বর মাসে ঘুষ নেওয়ার সময় ছয়জন সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছেন। তাঁদের বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে মামলা করা হয়েছে। দুদক বিশেষ ফাঁদ পেতে তাঁদের গ্রেপ্তার করে। গতকাল রোববার দুদকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ ডিসেম্বর জরিপ আইনের রায় দেওয়ার নামে পাঁচ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় সিলেটের কোম্পানীগঞ্জের ভারপ্রাপ্ত সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা কাজী মাঈন উদ্দিন এবং চেইনম্যান প্রবোধ রঞ্জন দাসকে দুদকের একটি বিশেষ দল গ্রেপ্তার করে। গত ১৪ ডিসেম্বর ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ভূমির নামজারি জমা-ভাগের জন্য পাঁচ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় গ্রেপ্তার করা হয় নয়নশ্রী ভূমি কার্যালয়ের ভূমি সহকারী কর্মকর্তা সাবের আহমেদ এবং এমএলএসএস ফজল মিয়া। অতিরিক্ত পানির বিল করে পরে তা কমিয়ে দেওয়ার নামে ১৮ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় গত ২০ ডিসেম্বর দুদকের একটি বিশেষ দলের হাতে গ্রেপ্তার হন ঢাকা ওয়াসার জোন-১-এর পরিদর্শক মিজানুর রহমান এবং সহকারী পাম্প অপারেটর বশির আহমেদ তালুকদার। বিজ্ঞপ্তিতে কোনো সরকারি কর্মকর্তাকে ঘুষ দেওয়ার আগে দুদকের স্থানীয় কার্যালয়ে অথবা প্রধান কার্যালয়ে জানানো এবং তাঁদের গ্রেপ্তারে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে দুদক।