৬ হাজার একর জমি জলাবদ্ধ

খাল ভরাটের কারণে পানি বের হতে না পারায় ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে প্রায় ছয় হাজার একর আবাদি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চাষাবাদ করতে না পারায় কয়েক শ কৃষক পরিবার মানবেতর জীবনযাপন করছে।
উপজেলা প্রশাসনসহ ভুক্তভোগী কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুল্লা ইউনিয়নের সিতি, কাকনাইল, লাড়ুয়াকুণ্ডু, কাতর বারিল্লা, নওগাঁও কাইত ও বিজয়সেন মৌজার প্রায় ছয় হাজার একর আবাদি জমিতে জমে থাকা বর্ষা ও বৃষ্টির পানি সরু একটি খালের মাধ্যমে সিতি খালে গিয়ে পড়ত। বছর দুয়েক আগে মাটি ফেলে সরু খালটির মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে প্রায় সারা বছরই এসব জমিতে পানি জমে থাকে।
গত বুধবার আড়ালিয়া-ধামরাই সড়কের উভয় পাশের বিস্তীর্ণ জমিতে পানি জমে থাকতে দেখা যায়। স্থানভেদে দুই থেকে চার ফুট পানি জমে আছে। এ কারণে আসন্ন বোরো মৌসুমে আবাদের প্রস্তুতি নিতে পারছেন না কৃষকেরা।
কুল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য সালমা বেগম বলেন, কুল্লা ইউনিয়নের ছয়টি মৌজার অন্তত ছয় হাজার একর জমির পানি বের করার জন্য ২০ বছরের বেশি সময় আগে সরু একটি খাল কেটেছিল এলাকাবাসী। এই খালকে সিতি খালের সঙ্গে সংযোগ করে দেওয়া হয়েছিল। ২০১৪ সালে সরু ওই খালের ওপর সরকারি অর্থায়নে সেতু নির্মাণ করা হয়। এর এক বছর পর পাশের জমির মালিক শওকত হোসেন সেতুর নিচে মাটি ফেলে খালের মুখ বন্ধ করে দেন। ওই বছর থেকেই আশপাশের সব জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
শওকত হোসেনের জমির দেখভাল করার দায়িত্বে থাকা সমেজ উদ্দিন বলেন, রেকর্ডে সরু খালটির কথা উল্লেখ না থাকায় তাঁদের জমির ওপর দিয়ে করা ওই খাল তাঁরা বন্ধ করে দিয়েছেন।
লাড়ুয়াকুণ্ডু গ্রামের কৃষক ফজল হকের স্ত্রী তারা বানু বলেন, তাঁদের দুই বিঘা জমি আছে। তাঁর স্বামী ও ছেলে সারা বছর ওই জমিতেই চাষাবাদ করতেন। এতেই তাঁদের সংসার চলত। কিন্তু দুই বছর ধরে পানি জমে থাকায় জমিতে কোনো আবাদ করতে না পারায় তাঁদের অভাবের মধ্যে পড়তে হয়েছে। তাঁর স্বামী বেকার হয়ে পড়েছেন। অন্য কৃষকদেরও একই অবস্থা।

কৃষক বিল্লাল হোসেন বলেন, সিতি মৌজায় তাঁর অন্তত ১২ বিঘা জমি আছে। এসব জমিতে তিনি সরিষা, আমন ও বোরোর আবাদ করতেন। দুই বছর ধরে পানি জমে থাকায় শুধু বোরোর আবাদ করতে হয়। আগাম বৃষ্টি হলে বোরোর আবাদও ঘরে তুলতে পারেন না।
কাতর বারিল্লা মৌজায় চার বিঘা জমি রয়েছে কৃষক রতন সরকারের। গত বছর ওই জমিতে তিনি বোরোর আবাদ করেছিলেন। আগাম বৃষ্টির কারণে মাত্র এক বিঘা জমির ধান ঘরে তুলতে পেরেছিলেন।
সিতি গ্রামের কৃষক গৌর বৈরাগী বলেন, ‘চৌদ্দ পুরুষ ধইরা আমরা কৃষিকাজ কইরা খাইতাছি। ছোট্ট একটু খাল বন্ধ কইরা দেওয়ায় আমাগো কৃষিকাজ ছাইড়া অন্য কাজ করতে হইতাছে।’
কুল্লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোতালেব মিয়া বলেন, এলাকায় অনেক খাসজমি আছে। ওই জমির ওপর দিয়ে খাল কেটে এখানকার কৃষকদের সমস্যা দূর করা সম্ভব।
কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কালিপদ সরকার বলেন, ‘উপজেলা পরিষদের মাসিক সভায় এক বছর ধরে ওই এলাকার জলাবদ্ধতার সমস্যা কথা তুলে ধরছি। এর ফলে উপজেলা পরিষদ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম বলেন, ‘শিগগিরই জলাবদ্ধ জমি পরিদর্শনে যাব। এরপর এলাকার লোকজনকে নিয়ে বসে পানি বের হওয়ার একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা করে দেব।’