৬ হাজার পরিবার পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দাকোপ উপজেলার ১৩টি গ্রামের ছয় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। উপজেলার সুতারখালী ও কামারখোলা ইউনিয়নে বেড়িবাঁধের ৩৫০ গজ স্থানীয় ঢাকি ও ভদ্রা নদীতে বিলীন হয়ে যাওয়ায় ওই ১৩ গ্রাম প্লাবিত হয়ে। এতে এসব গ্রামের কৃষকদের রোপা আমনও ক্ষতিগ্রস্ত হয়।ঘূর্ণিঝড় আইলায় বিধ্বস্ত দাকোপ উপজেলার পশুর, শিবসা, ঢাকি, ভদ্রা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সুতারখালী ইউনিয়নের তালতলা এলাকায় তিনটি জায়গার প্রায় দেড় শ গজ বেড়িবাঁধ এবং বুধবার কামারখোলা ইউনিয়নের জালিয়াখালী এলাকার বেড়িবাঁধের ২০০ গজ ঢাকি নদীতে বিলীন হয়ে যায়। এতে উপজেলার তালতলা, কেওড়াতলী, সুতারখালী, গোলবুনিয়া, দক্ষিণ গুনারী, মধ্যম গুনারী, সুতারখালী মাঝিপাড়া, বাইনতলা, শ্রীনগর, কালীনগর, জয়নগর, জালিয়াখালী, ভিটেভাঙ্গা গ্রামের প্রায় ছয় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ঈদের আগের দিন খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেতকাশি ইউনিয়নের ঘড়িলাল বাজার ও চরমুখা এলাকায় বেড়িবাঁধ ভেঙে লোনাপানি ঢুকে ব্যাপক ক্ষতি হয়েছে। মাঙ্গা নদীর ভাঙনে বটিয়াঘাটা উপজেলার বুনরাবাদ গ্রামের বাঁধের প্রায় দুই হাজার ফুট এলাকা নদীতে চলে যাওয়ার উপক্রম হয়েছে। ইতিমধ্যে ওই বাঁধের কিছু স্থান ভেঙে গেছে। ভেঙে যাওয়া এসব স্থান দিয়ে জোয়ারের সময় উপজেলার ৮-১০টি গ্রামে লোনাপানি ঢুকে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের খুলনা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, স্থানীয় নদনদীতে পানি বাড়ায় এ ভাঙনের সৃষ্টি হয়েছে। পানির চাপ কমলেই বাঁধের নির্মাণকাজ শুরু হবে।