৬-১৬ অক্টোবর ইলিশ ধরা নিষেধ
উপকূলীয় জলসীমায় আজ ৬ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই সময়ের মধ্যে মেঘনা-তেঁতুলিয়া ও সাগরমোহনার চারটি পয়েন্টে সাতটি জেলার ২১টি উপজেলায় কোনো ইলিশ ধরা যাবে না বলে মৎস্য বিভাগ জানিয়েছে।২০০৬ সাল থেকে ১৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকার বন্ধ থাকলেও এ বছর সময় এগিয়ে আনা হয়েছে। প্রজনন ও উৎপাদন মৌসুমে হেরফের হওয়ার পরিপ্রেক্ষিতে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিন্যাস করা হয়েছে।দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল প্রথম আলোকে বলেন, যদি কেউ আইন অমান্য করে তাহলে প্রথমবার ছয় মাস থেকে এক বছরের জেল; সঙ্গে এক হাজার টাকা জরিমানা। একই অপরাধ দ্বিতীয়বার করলে এ শাস্তি দ্বিগুণ হবে।মৎস্য বিভাগ সূত্র জানায়, মা ইলিশ যেন স্বচ্ছন্দে ডিম ছাড়তে পারে এ জন্য এ বছর আশ্বিনের অমাবস্যা আর পূর্ণিমার জোর তিথি ধরে ৬ থেকে ১৬ অক্টোবর মাছ শিকার নিষিদ্ধ করা হলো। ৩ অক্টোবর জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম সভায় সবার সম্মতিক্রমে তিনটি সিদ্ধান্ত উপস্থাপন করেন। ইলিশ ধরা বন্ধ করতে ভোলাসহ সারা দেশের কোথাও ইলিশ মাছ বহন, কেনাবেচা করা যাবে না। সব বরফকল বন্ধ রাখতে হবে। এ ১১ দিন জলসীমায় কোনো নৌকা দেখলে তা আটক ও জেলেকে গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জেলেদের সচেতন করতে জেলার বিভিন্ন স্থানে ব্যানার ঝোলানো ও মাইকিং করা হচ্ছে।সরকারের নির্দেশ অনুযায়ী যে চারটি পয়েন্টে ইলিশ ধরা যাবে না সেগুলো হচ্ছে: সাগরের উত্তর-পূর্বে চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাহেরখালী-হাইতকান্দী পয়েন্ট, দক্ষিণ-পূর্বে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর কুতুবদিয়া গন্ডামারা পয়েন্ট, মেঘনার উত্তর-পশ্চিমে ভোলার তজুমদ্দিন উপজেলার উত্তর তজুমদ্দিন পশ্চিম সৈয়দ আওলিয়া পয়েন্ট এবং তেঁতুলিয়া নদীর দক্ষিণ-পশ্চিম উপকূলের কলাপাড়া উপজেলার লতাচাপলি পয়েন্ট।জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের ঋতু ও আবহাওয়ায় নেতিবাচক পরিবর্তন ও বৈচিত্র্যের ফলে দেশের মৎস্য বিশেষজ্ঞরা অনেক দিন ধরেই ইলিশের প্রজনন ও উৎপাদন মৌসুমে হেরফের হওয়ার আভাস দিয়ে আসছিলেন। এ জন্য তাঁরা ইলিশ ধরার ক্ষেত্রে সরকারি নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিন্যাসের পক্ষে মত দেন।