সাভারের হেমায়েতপুরে চামড়াশিল্প নগরে অবস্থিত ছয়টি ট্যানারিতে গত রোববার রাতে গ্যাসের সংযোগ দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। আর গতকাল পর্যন্ত ৫০টি ট্যানারিতে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে।
গ্যাসের সংযোগ পাওয়া ট্যানারিগুলো হলো আরকে লেদার, ফেন্সী এন্টারপ্রাইজ, বে ট্যানারি লিমিটেড, রাজীব লেদার, অ্যাপেক্স লেদার ও আজিজ ট্যানারি।
ছয়টি ট্যানারিতে সংযোগ দিলেও মাত্র দুটি ট্যানারির ভেতরে গ্যাস ব্যবহারের প্রয়োজনীয় প্রস্তুতি আছে। এগুলো হলো আরকে লেদার ও অ্যাপেক্স লেদার। অন্যগুলোতে গ্যাস ব্যবহারের ব্যবস্থাই নেই বলে জানিয়েছে তিতাসের সংশ্লিষ্ট সূত্র।
তিতাসের সাভার কার্যালয় সূত্র জানায়, হাজারীবাগ থেকে তিতাস গ্যাসের সংযোগ স্থানান্তরের জন্য ৫৪টি নথি সাভার কার্যালয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষে ছয়টি ট্যানারিতে সংযোগ দেওয়া হয়েছে। বাকি ৪৮টি ট্যানারির মধ্যে ১১টির চাহিদাপত্র (ডিমান্ড নোট) অনুমোদন করা হয়েছে। বেশ কয়েকটি ট্যানারি টাকা জমা দেয়নি। মালামাল হস্তান্তরের আদেশ হয়েছে দুটির এবং মালামাল হস্তান্তরের ভাউচার হয়েছে আরও দুটি ট্যানারির। প্রশাসনিক অনুমোদনের জন্য প্রধান কার্যালয়ে নথি পাঠানো হয়েছে ১৭টি ট্যানারির।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ১২টি ট্যানারি এখনো গ্যাস সংযোগের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করেনি। মালিকানা জটিলতা ও সংযোগ বিচ্ছিন্ন থাকায় তিনটি ট্যানারিতে শিগগিরই সংযোগ দেওয়া সম্ভব নয়।
সাভার চামড়াশিল্প নগরের ১৫৫টি ট্যানারির মধ্যে বাকি ১০১টি কারখানায় গ্যাস সংযোগের বিষয়টি এখনো ঝুলে আছে। মালিকেরা দাবি করেছেন, হাজারীবাগে যে ৫৪টি ট্যানারিতে গ্যাসের সংযোগ ছিল, কেবল সেগুলোতেই সাভারে সংযোগ দেওয়া হবে বলে তিতাস তাঁদের বলেছে। অবশ্য গত রোববার সুপ্রিম কোর্টের এক আদেশে বলা হয়েছে, সাভার চামড়াশিল্প নগরীতে যারা গ্যাসের জন্য আবেদন করেছে, তাদের আগামী ১৫ দিনের মধ্যে সংযোগ দিতে হবে।
ফেন্সী এন্টারপ্রাইজ ও রাজীব লেদার কমপ্লেক্সে বয়লারসহ গ্যাস ব্যবহারের মতো কোনো ব্যবস্থাই করা হয়নি। তিতাসের সংযোগ দেওয়া হলেও মিটার স্থাপন হয়নি। ফেন্সী এন্টারপ্রাইজে তিনটি ড্রামে চামড়া প্রক্রিয়াজাতকরণের প্রথম ধাপ ওয়েট ব্লুর কাজ শুরু করা হলেও কয়েক মাস ধরে তা বন্ধ আছে। আর রাজীব লেদার কমপ্লেক্সে ওয়েট ব্লুর কাজও শুরু হয়নি বলে জানান স্টোরকিপার আমির হোসেন।
রিলায়েন্স ট্যানারির চিফ টেকনোলজিস্ট আল-মামুন বলেন, তিতাস গ্যাসের সংযোগ না থাকলেও তাঁরা ওয়েট ব্লুর পাশাপাশি ডিজেলের সাহায্যে ছোট পরিসরে ক্রাস্টের কাজও করছেন। কিন্তু কারখানার ভেতরে গিয়ে তিতাসের সংযোগ নেওয়ার কোনো সার্ভিস লাইন পাওয়া যায়নি। এমনকি বয়লারসহ গ্যাস ব্যবহারের প্রয়োজনীয় সব যন্ত্রও স্থাপন করা হয়নি।
গ্যাস ব্যবহারের ব্যবস্থা না করে সংযোগ না পাওয়ার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষকে দায়ী করার কারণ জানতে চাইলে আল-মামুন বলেন, সংযোগ পেলেই বাকি কাজ সম্পন্ন করা হবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সাভার কার্যালয়ের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান বলেন, আপতত ৫৪টি ট্যানারিতে তিতাসের সংযোগ দেওয়ার জন্য কাজ করা হচ্ছে। এসব ট্যানারির মধ্যে বেশ কয়েকটির আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরও সার্ভিস ও হাউস লাইন, আরএমএস (রেগুলেটিং অ্যান্ড মিটারিং সিস্টেম) কক্ষ ও গ্যাস ব্যবহারের প্রয়োজনীয় যন্ত্র না থাকায় সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
সিদ্দিকুর রহমান বলেন, নতুন করে ১০১টি ট্যানারির মধ্যে ৯২টির আবেদন পাওয়া গেছে। এসব আবেদন অনুমোদনের জন্য জমির দলিলসহ যেসব কাগজপত্র থাকা আবশ্যক, কোনো আবেদনের সঙ্গেই তা পাওয়া যায়নি। কাগজপত্র সরবরাহের জন্য সংশ্লিষ্ট ট্যানারির মালিকদের চিঠি দেওয়ার পরও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।
আর ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর উপমহাব্যবস্থাপক আবু হানিফ মিয়া বলেন, বিদ্যুৎ সংযোগের জন্য ১৩৯টি আবেদন পাওয়া গেছে। এর মধ্যে গতকাল পর্যন্ত ৫০টি ট্যানারিতে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। মালিকেরা ট্রান্সফরমার কিনলেই বাকি সংযোগ দেওয়া হবে।