পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা অভিযোগ করেছেন, ইউপিডিএফের হাতে অপহূত তাঁদের সংগঠনের ৬০ নেতা-কর্মীর ভাগ্যে কী ঘটেছে, সে ব্যাপারে সরকার বা প্রশাসন কোনো খোঁজখবর নিচ্ছে না। এসব জিমিঞ্চ লোকজনকে উদ্ধারে পদক্ষেপ না নিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার আর উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর পার্বত্য এলাকায় শান্তির আনার কথা বলেন।গতকাল সোমবার সকাল ১০টায় জুরাছড়ি উপজেলা শিশুপার্কে আয়োজিত সমাবেশে সন্তু লারমা এসব অভিযোগ করেন। জুরাছড়ি উপজেলা শাখা পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির তৃতীয় সমেঞ্চলন ও পাহাড়ি ছাত্র পরিষদের ১৫তম কাউন্সিল উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। গত ১৬ ফেব্রুয়ারি লংগদু উপজেলার কাট্টলি বিল থেকে জনসংহতি সমিতির ৭০ জন নেতা-কর্মীকে অপহরণ করা হয়। এর মধ্যে নারী, শিশুসহ নয়জনকে মুক্তি দেওয়া হয় এবং একজন পালিয়ে আসে। ইউপিডিএফ এদের মুক্তির জন্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতির পদ থেকে সন্তু লারমার পদত্যাগসহ ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের অঙ্গীকারের দাবি করেছে। ইউপিডিএফকে সরকারের মদদপুষ্ট সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে সন্তু লারমা বলেন, তাঁদের কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। জনসংহতি নেতৃত্বকে ধ্বংস করা এবং চুক্তি বাস্তবায়নকে বাধাগ্রস্ত করা তাদের মূল উদ্দেশ্য। পার্বত্য চুক্তি বাস্তবায়নের আশা ছেড়ে দিয়েছেন বলে উল্লেখ করে সন্তু লারমা বলেন, ১৫ বছরে চুক্তির একটিও মৌলিক বিষয় বাস্তবায়ন না করে দীপংকর-বীর বাহাদুরসহ সরকারের লোকজন সাধারণ মানুষকে দিবাস্বপ্ন দেখিয়ে ধোঁকা দিচ্ছেন। এ সরকার চুক্তি বাস্তবায়নের কথা বললেও চুক্তি মানে না।জনসংহতি সমিতির জুরাছড়ি উপজেলা শাখার সদস্যসচিব মায়াচান চাকমার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, জুরাছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রবর্তক চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা, যুব সমিতির সাধারণ সম্পাদক তাপস চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক রিপেশ চাকমা প্রমুখ।