৬০ কোটি টাকা নিয়ে উধাও
কিশোরগঞ্জ ও ভৈরবে গ্রাহকদের প্রায় ৬০ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে কথিত একটি আর্থিক প্রতিষ্ঠান। গত শনি ও রোববার অগ্রণী কমার্স অ্যান্ড ফাইন্যান্স এমসিএস লিমিটেড নামে প্রতিষ্ঠানটির আঞ্চলিক কার্যালয়ে গিয়ে সেটি তালাবদ্ধ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির তিন মাঠকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, কিশোরগঞ্জ ও ভৈরবসহ সারা দেশে অগ্রণী কমার্স অ্যান্ড ফাইন্যান্স এমসিএস লিমিটেডের ১৪টি শাখা রয়েছে। ৮৭ পুরানা পল্টনের পল্টন টাওয়ারের ১০ম তলায় তাদের প্রধান কার্যালয়। সমবায় মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে স্থায়ী আমানত, সঞ্চয় ও নগদসহ বিভিন্ন হিসাবের মাধ্যমে প্রতিষ্ঠানটি আর্থিক লেনদেন করে আসছিল। মাসে এক লাখে এক হাজার ৬০০ টাকা করে মুনাফা দেওয়ায় রাতারাতি আমানতকারীর সংখ্যা বেড়ে যায়। আমানতকারীদের মধ্যে বেশির ভাগই নারী। আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সদস্যরা ছিলেন প্রতিষ্ঠানটির গ্রাহক। বর্তমানে ভৈরব শাখার গ্রাহক প্রায় ১০ হাজার। এর মধ্যে আমানতকারীর সংখ্যা প্রায় সাড়ে ছয় হাজার। বাকিরা ঋণগ্রহীতা ও অন্যান্য হিসাবের আওতাভুক্ত। টাকা নিয়ে প্রতিষ্ঠানের লোকজন উধাও হয়ে যাওয়ায় গ্রাহকেরা ৪০ কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।কিশোরগঞ্জে প্রতিষ্ঠানটির গ্রাহকসংখ্যা দেড় সহস্রাধিক। কিশোরগঞ্জের প্রধান ব্যবসাকেন্দ্র বড় বাজারে ওই প্রতিষ্ঠানটি মাসিক মুনাফা, দীর্ঘমেয়াদি আমানত, দ্বিগুণ লাভসহ বিভিন্ন লোভনীয় সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে গ্রাহকের কাছ থেকে প্রায় ২০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।গত দুদিন কিশোরগঞ্জের ওই কার্যালয়ে গিয়ে ভুক্তভোগীরা তালা ঝুলতে দেখেন। ব্যবস্থাপক মো. আলাউদ্দিন, সহকারী ব্যবস্থাপক বদরুল আলম, হিসাবরক্ষক লিমা আক্তারসহ কর্মকর্তা-কর্মচারীরা কেউ কার্যালয়ে আসেননি। এ খবরে শনিবার সকাল থেকে কয়েক শ গ্রাহক এসে কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় বিক্ষুব্ধ গ্রাহকেরা প্রতিষ্ঠানের মাঠকর্মী রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম ও সহকারী মরিয়ম বেগমকে আটক করে মারধর করতে উদ্যত হন। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কিশোরগঞ্জের অর্ধশতাধিক গ্রাহক জানান, তাঁরা দুই থেকে পাঁচ লাখ টাকা করে রেখেছেন। গতকাল রোববার অনেকের চার বছরের মেয়াদ শেষ হয়। এই দিনে তাঁদের দ্বিগুণ লাভ পাওয়ার কথা। কিন্তু কার্যালয়ে এসে তালা ঝুলতে দেখে তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন।ভৈরবের কালীপুর মধ্যপাড়ার আম্বিয়া খাতুন নামের এক গ্রাহক জানান, কখনো মনে হয়নি প্রতিষ্ঠানটি তাঁদের সঙ্গে প্রতারণা করতে পারে।যোগাযোগের চেষ্টা করা হলে কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক আলাউদ্দিন ও ভৈরব শাখার ব্যবস্থাপক শামসুল আলমের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।কিশোরগঞ্জ মডেল থানার এসআই নাজমুল হাসান জানান, গ্রাহক কাজল মিয়া বাদী হয়ে গতকাল তিনজনকে আসামি করে একটি মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া তিনজনকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।ভৈরবের ইউএনও সেলিম আহমেদ বলেন, ‘ভৈরব শাখায় ১০ হাজার গ্রাহক ছিল। মনে হচ্ছে, প্রতারণার উদ্দেশ্যে কর্মকর্তারা পালিয়েছেন।’সমাজসেবা অধিদপ্তর কিশোরগঞ্জের উপপরিচালক আজহার আলী মিয়া বলেন, ‘প্রতিষ্ঠানটি কিশোরগঞ্জ সমাজসেবা অধিদপ্তর থেকে কোনো নিবন্ধন গ্রহণ করেনি। ঢাকা বা অন্য কোনো এলাকা থেকে নিবন্ধন করা হয়েছে কি না জানা নেই। নিবন্ধন নিয়ে থাকলেও প্রতিষ্ঠানটিতে ব্যাংকের মতো আর্থিক লেনদেন, স্থায়ী আমানত গ্রহণ, লভ্যাংশ প্রদান বা ডিপিএস স্কিম ও এফডিআর চালু করার কোনো সুযোগ নেই।’