রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আগামী ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। এর মধ্যে ৫১ কোটি ১৫ লাখ টাকা উন্নয়ন প্রকল্প ব্যয় এবং ৮ কোটি ৮৫ লাখ টাকা সংস্থাপন ব্যয় ধরা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা সংবাদ সম্মেলন করে বাজেট ঘোষণা করা হয়।
জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আশ্বাস দেন। বাজেটে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নিজস্ব আয় ধরা হয়েছে ২ কোটি ৭০ লাখ টাকা এবং সরকারি থোক বরাদ্দ ৫৭ কোটি ৩০ লাখ টাকা। বাজেটে পরিষদের কাছে হস্তান্তরিত ২৪টি সরকারি বিভাগের জাতীয় বরাদ্দ অন্তর্ভুক্ত করা হয়নি। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে পরিষদের পরিচালিত প্রকল্পগুলোর বরাদ্দও বাজেটে ধরা হয়নি বলে জানান বৃষ কেতু চাকমা।
উন্নয়ন প্রকল্পের খাতওয়ারি বাজেটে সর্বোচ্চ বরাদ্দ ১৭ ভাগ করে দেওয়া হয়েছে শিক্ষা, তথ্য ও প্রযুক্তি এবং যোগাযোগ অবকাঠামো খাতে। বাজেট ঘোষণার সময় পরিষদের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।