বিচারপতি, মন্ত্রী, সিইসির বাসভবন, টিভি কার্যালয়সহ বিভিন্ন স্থানে ককটেল ও বোমার বিস্ফোরণ
৬০ ঘণ্টার হরতাল শুরু আজ

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতাল শুরু হচ্ছে আজ রোববার থেকে। দেশব্যাপী এই হরতাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় শেষ হবে।
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গত শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলের সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন। নির্দলীয় সরকার নিয়ে আলোচনা শুরুর উদ্যোগ নিতে সরকারকে ৩৬ ঘণ্টার সময় বেঁধে দিয়ে কর্মসূচি ঘোষণা করেছিলেন তিনি। তিনি বলেন, উদ্যোগ না নিলে তিন দিনের হরতাল হবে, এরপর আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। খালেদা জিয়া তিন দিনের হরতালকে প্রাথমিক কর্মসূচি বলে উল্লেখ করেন।
হরতাল শুরুর আগের দিন গতকাল শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল-সমর্থকেরা। সারা দেশে নাশকতা ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করা হয় গতকাল। আর হরতাল-সমর্থকদের নাশকতা ঠেকাতে প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোও হরতালবিরোধী মিছিল সমাবেশ নিয়ে মাঠে থাকবে বলে জানিয়েছে।
হরতাল সফল করতে ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে বিএনপি-জামায়াত জোট। বিএনপির নেতারা বলেছেন, হরতাল ডেকে মাঠে না থাকার যে প্রথা এত দিন চালু হয়ে এসেছে, তা এবার আর হবে না। দাবি আদায়ের প্রাথমিক কর্মসূচিতে শক্তি দেখাতে চান তাঁরা।
ঢাকায় হরতাল সফল করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকা ও সদস্যসচিব আবদুস সালাম। গতকাল শনিবার এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

ককটেল বিস্ফোরণ: হরতালের আগের দিন গতকাল শনিবার রাজধানীতে বিচারপতি, মন্ত্রী ও পুলিশ কর্মকর্তার বাসা ও কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনাও ঘটেছে।
গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো মুঠোফোনে খুদে বার্তায় বলা হয়, ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে গতকাল ঢাকা মহানগর এলাকায় ১১টি ককটেলসহ ৩১ জনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, এসবের অধিকাংশই জামায়াত-শিবিরের কর্মীরা ঘটিয়েছেন। হরতালের আগে ভীতি সঞ্চারের জন্য এসব ঘটনা ঘটানো হয়েছে।

রাজধানীর ধানমন্ডি ৫ নম্বর এলাকায় বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদের বাসার সামনে পরপর দু-তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ধানমন্ডির ৫ নম্বরের সড়কের সম্মুখে ছাত্রশিবিরের কয়েকজন জড়ো হন। ৫ নম্বর সড়কেই বনমন্ত্রীর বাসা। জড়ো হওয়ার কয়েক মিনিটের মধ্যে যুবকদের একজন পরপর দু-তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে জোবায়ের হোসেন (২৩) নামের একজনকে আটক করে। এদিকে প্রায় একই সময়ে একই এলাকায় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুকের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। সকাল সোয়া ১০টার দিকে কয়েকজন যুবক হেঁটে গিয়ে রাজধানীর মিন্টো রোডে বিচারপতি এস কে সিনহার বাসার সামনে ককটেল ছুড়ে মারেন। এতে ককটেলটি বাসার সীমানা দেয়ালের সঙ্গে লেগে বিস্ফোরিত হয়।
সকাল সাড়ে নয়টার দিকে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আশরাফুজ্জামানের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, বিস্ফোরণের শব্দ পেয়ে কার্যালয়ের বাইরে যাওয়ার আগেই ককটেল নিক্ষেপকারীরা পালিয়ে যায়।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) দেবরাজ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, গতকাল বেলা দেড়টার দিকে কলাবাগানের আবাহনী মাঠসংলগ্ন এলাকায় একটি প্রাইভেট কারকে লক্ষ্য করে মোটরসাইকেল আরোহী দুই যুবক কয়েকটি ককটেল ছোড়েন। এতে ককটেল বিস্ফোরিত হয়ে কারের সামনের কাচ কিছুটা ভেঙে যায়।
রাজধানীর বারিধারায় গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একাত্তর টেলিভিশন চ্যানেলের প্রধান ফটকে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চ্যানেলটির দুই কর্মী আহত হন। তাঁরা হলেন সিনিয়র নিউজরুম এডিটর জাকারিয়া বিপ্লব ও ক্যামেরাপারসন আলমগীর হোসেন। তাঁদের মধ্যে গুরুতর জাকারিয়াকে গুলশানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজধানীর ইন্দিরা রোডে আইনমন্ত্রী শফিক আহমেদের বাসা লক্ষ্য করেবোমা ছোড়েন কয়েকজন যুবক। ওই সময় তা বিস্ফোরিত হয়। গতকাল সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় আইনমন্ত্রী বাসায় ছিলেন বলে জানা গেছে।

সন্ধ্যা সোয়া সাতটার দিকে রাজধানীর বারিধারায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদের বাসার পাশে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। সোয়া সাতটার দিকে পল্টন থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের অদূরে রাস্তায় পড়ে থাকা অবস্থায় তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
সন্ধ্যা সোয়া সাতটার দিকে রাজধানীর মৌচাক এলাকায় ভোরের কাগজ-এর কার্যালয়কে লক্ষ্য করে মোটরসাইকেল আরোহী দুই যুবক দুটি ককটেল ছোড়েন। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি। প্রায় একই সময় মৌচাক ওভারব্রিজের নিচে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে কেউ হতাহত হয়নি। রাত আটটার দিকে নিউমার্কেট থানার সামনে কয়েকজন যুবক ককটেল বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে বলে জানান রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন। প্রায় একই সময় হাতিরপুল বাজার থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের ভেতরে রাত আটটার দিকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আজিজ সুপার মার্কেটসংলগ্ন সড়ক থেকে ককটেল ছুড়ে মারা হয়েছে বলে ধারণা করছেন হলের শিক্ষার্থীরা। মিরপুর ১ নম্বরে শাহ আলী মার্কেটের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ভাঙচুর-আটক: গতকাল বেলা একটার দিকে রাজধানীর বিজয়নগরে কয়েকজন যুবক ঝটিকা মিছিল বের করেন। এরপর হঠাৎ করেই তাঁরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে যানবাহন ভাঙচুর শুরু করেন। যুবকেরা পাঁচ-সাতটি গাড়ি ভাঙচুর করেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে যুবকদের কয়েকজনকে আটক করে।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) ফৌজিয়া খানম বলেন, বিজয়নগর ছাড়াও পল্টন থানা এলাকায় মিছিলের চেষ্টা, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে।
অগ্নিসংযোগ ও অগ্নিসংযোগের চেষ্টা: দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁও কলেজের সামনে একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। যাত্রীবেশে কয়েকজন দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছেন বলে জানান শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) হরিদাস মণ্ডল।
রাজধানীর কারওয়ান বাজারে যানবাহনের আগুন দেওয়ার সময় পেট্রলসহ মো. জুয়েল (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
দুপুর ১২টার দিকে রায়েরবাগ এলাকায় মোটরসাইকেলে কয়েকজন যুবক এসে সড়কে পাউডার ছিটিয়ে আগুন ধরানোর চেষ্টা করেন। তখন স্থানীয় জনতা তাঁদের ধাওয়া দিলে তাঁরা দ্রুত পালিয়ে যান। তবে কাউকে আটক করা যায়নি।
সন্ধ্যা সাতটার পর মিরপুর-১ নম্বরে ও ১০ নম্বরে এবং গাবতলীর মোহাম্মদীয়া হাউজিং এলাকায় একটি করে বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় লোকজন আগুন নেভাতে সক্ষম হন। সকাল নয়টার দিকেও রাজধানীর মগবাজার এলাকায় সড়কে জামায়াত-শিবিরের কর্মীরা পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করেছেন বলে জানা গেছে।
গতকাল অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণে মোট ছয়জন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর কয়েকটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।