অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার জন্য কক্সবাজারে রওনা দেওয়ার সময় ৬০ ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁদের সঙ্গে থাকা চার দালালকে আটক করা হয়।
শুক্রবার রাত আড়াইটার সময় নগরের বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে তাঁদের আটক ও অন্যদের উদ্ধার করে পুলিশ। আটক চার ব্যক্তির নাম সোহেল রানা, মীর কাশেম, আনোয়ার ও রিদওয়ান। তাঁদের বাড়ি কক্সবাজার। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ প্রথম আলোকে জানিয়েছেন, বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে দুটি বাসে করে কক্সবাজার রওনা হচ্ছিলেন তাঁরা। গোপন সংবাদের ভিত্তিতে বাস দুটি আটক করা হয়। এতে ঢাকা, নরসিংদী, ঝিনাইদহ, পাবনাসহ বিভিন্ন জেলার ৬০ জন ব্যক্তি ছিলেন।
এ ঘটনায় চান্দগাঁও থানার উপপরিদর্শক নুরুল ইসলাম বাদী হয়ে মানব পাচার আইনে মামলা করেছেন। আটক ও অজ্ঞাতনামা মিলিয়ে আট-নয়জনকে মামলার আসামি করা হয়েছে। নুরুল ইসলাম প্রথম আলোকে জানান, মালয়েশিয়া পাঠানোর জন্য দালালরা প্রত্যেকের কাছ থেকে দুই লাখ ৪০ হাজার টাকা করে নিয়েছিল। কক্সবাজার থেকে ট্রলার ও জাহাজে করে প্রথমে থাইল্যান্ড এবং পরে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা ছিল দালালদের। চান্দগাঁও থানায় গত দুই মাসে এ নিয়ে তিনবার অবৈধভাবে মালয়েশিয়া গমনকারীদের ধরা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।