
রাজধানীর অদূরে আমিনবাজারের বরদেশী গ্রামে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা মামলার ৬০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একই সঙ্গে আদালত আসামিদের মধ্যে পলাতক ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। অভিযোগপত্রে প্রকৃত আসামি বেশি উল্লেখ করায় ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা করছেন নিহত ছাত্র কামরুজ্জামানের বাবা আবদুল কাদের। আজ সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হেলালউদ্দিন অভিযোগ গঠনের শুনানি শেষে এ আদেশ দেন। সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৫ আগস্ট তারিখ ধার্য করা হয়েছে। গত ১৩ জানুয়ারি আদালতে ৬০ জনকে আসামি করে অভিযোগপত্র জমা দেয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ উদ্দিন। অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে বর্তমানে পাঁচজন কারাগারে ও ৩০ জন জামিনে রয়েছেন। এর আগে গত ২৩ জুন রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ওই ছয় ছাত্রের অভিভাবকেরা ন্যায়বিচার পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে নিহত ইব্রাহিম খলিলের মা বিউটি আক্তার অভিযোগ করেন, ‘১৭ জন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী সেদিন রাতে আমার ছেলেসহ আরও পাঁচজনকে মেরে ফেলে। কিন্তু ১৩ জানুয়ারি র্যাবের অভিযোগপত্রে ৬০ জনকে আসামি দেখিয়ে মামলাটি হালকা করে দেওয়া হয়েছে। এতে প্রকৃত খুনিরা শাস্তি পাবে না।’ ২০১১ সালের ১৭ জুলাই শবে বরাতের রাতে নামাজ শেষে মিরপুর মাজার রোডের অদূরে আমিনবাজারে ঘুরতে যান শামস রহিম ওরফে শাম্মাম, ইব্রাহিম খলিল, টিপু সুলতান, তৌহিদুর রহমান পলাশ, কামরুজ্জামান কান্ত, মনিব সেতাব ও আল আমিন। সেখানে একদল লোক ডাকাত আখ্যায়িত করে পিটিয়ে ছয়জনকে হত্যা করে। অপর ছাত্র আল আমিন গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান।
পরে বিচার বিভাগীয় তদন্তে আল আমিনসহ নিহত ছাত্ররা নিরপরাধ প্রমাণিত হন।
ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা নিহত কামরুজ্জামানের বাবার
অভিযোগপত্রে প্রকৃত আসামি বেশি উল্লেখ করায় ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা করছেন নিহত ছাত্র কামরুজ্জামানের বাবা আবদুল কাদের। আজ দুপুরে প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ‘সেদিন হামলাকারীদের হাত থেকে বেঁচে যাওয়া আল আমিন তাঁর সাক্ষ্যে ১৫-১৬ জনের কথা বলেছিল। সিআইডি ৩০ জনকে আসামি করে যে চার্জশিট দিয়েছিল, এর বিরুদ্ধে আমি হাইকোর্টে রিট করেছিলাম। এই রিটের কারণে পরে র্যাবকে মামলাটি তদন্তে নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু র্যাবের এই চার্জশিটে ৬০ জন আসামির কথা উল্লেখ থাকায় মামলাটি হালকা হয়ে গেছে। তা ছাড়া, দীর্ঘদিন পর শুনানি অনুষ্ঠিত হবে। তাই আমি বেঁচে থাকতে আমার ছেলেদের হত্যার বিচার দেখে যেতে বোধহয় পারব না।’